জম্মু-কাশ্মিরের রাজধানী শ্রীনগরের নিকটবর্তী দাচিগামের পাহাড়ি অরণ্যে ‘অপারেশন মহাদেব’ নামের সামরিক অভিযান শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী সিআরপিএফ এবং জম্মু-কাশ্মির পুলিশ। অভিযানে এখন পর্যন্ত তিনজন বিচ্ছিন্নতাবাদী নিহত হওয়ার খবর জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
জম্মু-কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর চিনার কোরের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত তিনজনই পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সদস্য। তাদের নাম সুলেমান, আবু হামজা ও ইয়াসির। এদের মধ্যে সুলেমান ছিলেন সবচেয়ে অভিজ্ঞ ও নেতৃত্বস্থানীয় সদস্য।
ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, নিহত সুলেমান গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মিরের অনন্তনাগ জেলার পেহেলগামে সংঘটিত ভয়াবহ সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন। তবে এই বিষয়ে সেনাবাহিনী বা পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য নিশ্চিত করেনি।
ভারতীয় সেনাসূত্র বলছে, নিহত কেউই জম্মু-কাশ্মিরের স্থানীয় বাসিন্দা ছিলেন না। তারা সীমান্ত পেরিয়ে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মির থেকে ভারতে অনুপ্রবেশ করেছিল। গোয়েন্দা তথ্য অনুযায়ী, সম্প্রতি প্রায় ১৫০ জন জঙ্গি সীমান্ত পেরিয়ে ভারতের কাশ্মির অঞ্চলে ঢুকেছে এবং তাদের অনেকেই দাচিগাম ও আশপাশের জঙ্গলে আত্মগোপন করে আছে।
জম্মু-কাশ্মির কমান্ডের এক কর্মকর্তা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার সকাল ১১টার দিকে দাচিগাম জঙ্গলে সন্দেহজনক গতিবিধি ও গুলির শব্দ লক্ষ্য করে অভিযান শুরু করে সেনাবাহিনী, সিআরপিএফ ও পুলিশ বাহিনীর সমন্বিত দল।
সর্বশেষ তথ্য অনুযায়ী, যৌথ বাহিনী ওই অঞ্চলে এখনো চিরুনি তল্লাশি চালাচ্ছে। ভারতীয় সেনা কর্মকর্তারা ধারণা করছেন, দাচিগাম অরণ্যে আরও সন্ত্রাসী এবং অস্ত্র লুকিয়ে থাকতে পারে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

