দক্ষিণ-পূর্ব এশিয়ার দীর্ঘদিনের সীমান্ত সংঘাত নিরসনে বড় অগ্রগতি হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, থাইল্যান্ড ও কম্বোডিয়া তাৎক্ষণিক ও শর্তহীন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সোমবার কুয়ালালামপুরে দুই দেশের নেতাদের সঙ্গে মধ্যস্থতামূলক বৈঠক শেষে তিনি এই ঘোষণা দেন।
আনোয়ার ইব্রাহিম বলেন, “সীমান্তে সংঘাত বন্ধে থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতারা শর্তহীন যুদ্ধবিরতির বিষয়টিতে একমত হয়েছেন। সোমবার মধ্যরাত থেকে এটি কার্যকর হবে।” তিনি জানান, জাতিসংঘের প্রতিনিধিসহ আন্তর্জাতিক বিভিন্ন পক্ষও এই চুক্তিকে স্বাগত জানিয়েছে।
বৈঠকে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত বলেন, “এই চুক্তি দুই দেশের মধ্যকার চলমান সংঘর্ষের অবসান ঘটিয়ে পারস্পরিক সম্পর্ক স্বাভাবিক করার সুযোগ এনে দিয়েছে। মালয়েশিয়ার নেতৃত্বে নেওয়া মধ্যস্থতামূলক পদক্ষেপ আমাদের ভবিষ্যৎ আলোচনার ভিত্তি গড়ে দেবে।”
এই বৈঠকের আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন সেরি পেরদানায় থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের গাড়িবহর পৌঁছায়। সেখানে যুক্তরাষ্ট্র ও চীনের পতাকাবাহী গাড়িও ছিল, যা যুদ্ধবিরতি চুক্তিতে বৈশ্বিক স্বার্থ এবং সমর্থনের ইঙ্গিত দেয়।
সোমবার সকালেই দুই নেতা কুয়ালালামপুরে একান্ত বৈঠকে মিলিত হন। বৈঠকের সময় শহরের আকাশে যুদ্ধবিমানের উপস্থিতি ছিল লক্ষণীয়। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে চূড়ান্ত বৈঠকে অংশ নেন সব পক্ষ।
এই সমঝোতার আগে রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেলিফোনে দুই দেশের নেতার সঙ্গে কথা বলেন। তিনি বলেন, “উভয় দেশ দ্রুত যুদ্ধবিরতিতে পৌঁছানোর বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে।”
গত পাঁচ দিনে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তবর্তী এলাকায় সেনাবাহিনীর গোলাবর্ষণ, রকেট হামলা ও গুলিবিনিময়ের ঘটনায় দুই লাখের বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে। এই মানবিক সংকট মোকাবিলায় যুদ্ধবিরতির সিদ্ধান্তকে ঐতিহাসিক উল্লেখ করে আন্তর্জাতিক মহল স্বস্তি প্রকাশ করেছে।

