যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক সশস্ত্র বন্দুকধারীর হামলায় চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি পুলিশ কর্মকর্তা রয়েছেন, যিনি নিউইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। হামলাকারী পরে নিজেই আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, সোমবার নিউইয়র্ক শহরের একটি অফিস ভবনে স্থানীয় সময় সকাল ১০টার কিছু আগে এই হামলা চালানো হয়। হামলায় আরো একজন গুরুতর আহত হয়েছেন।
নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তার নাম দিদারুল ইসলাম (৩৬)। তিনি তিন বছর ছয় মাস ধরে নিউইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। তাঁর স্ত্রী সন্তানসম্ভবা এবং দিদারুলের আরও দুটি ছোট সন্তান রয়েছে। নিউইয়র্ক পুলিশের কমিশনার জেসিকা টিশ বলেন, “তিনি যেমন জীবনযাপন করেছেন, তেমনই বিদায় নিয়েছেন- একজন বীরের মতো।”
পুলিশ জানায়, বন্দুকধারীর নাম শেন তামুরা, যিনি লাস ভেগাসের বাসিন্দা এবং মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে। তবে হামলার পেছনে তাঁর সুনির্দিষ্ট উদ্দেশ্য সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
নিরাপত্তা ফুটেজে দেখা যায়, তামুরা একটি পার্ক করা বিএমডব্লিউ গাড়ি থেকে নেমে এম৪ রাইফেল হাতে ভবনের দিকে এগিয়ে যান। ভবনে প্রবেশের পর তিনি প্রথমে ছুটিতে থাকা পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের ওপর গুলি চালান, এরপর আশ্রয় নেওয়ার চেষ্টা করা এক নারীকে লক্ষ্য করেন। এরপর ভবনের লবিতে ঢুকে এলোপাতাড়ি গুলি ছোড়েন তিনি।
লবির গুলিবর্ষণের সময় বন্দুকধারী নিরাপত্তা ডেস্কের পেছনে থাকা একজন নিরাপত্তাকর্মী এবং আরও একজনকে গুলি করেন। এরপর তিনি ভবনের ৩৩ তলায় উঠে একটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের একজন কর্মীকে গুলি করে হত্যা করেন এবং শেষ পর্যন্ত নিজেই আত্মহত্যা করেন।

ঘটনাস্থল থেকে পুলিশ একটি রাইফেল কেস, একটি রিভলভার, বিপুল পরিমাণ গুলি এবং ম্যাগাজিন উদ্ধার করেছে।
পুলিশ জানায়, হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নিউইয়র্ক ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পার্ক অ্যাভিনিউর এই ভবনটিতে দেশের শীর্ষ আর্থিক প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ন্যাশনাল ফুটবল লিগ (এনএফএল) এবং আয়ারল্যান্ডের কনসুলেট জেনারেলের অফিস রয়েছে।
এক প্রত্যক্ষদর্শী জেসিকা চেন বলেন, তিনি ভবনের দ্বিতীয় তলায় একটি উপস্থাপনা চলাকালে গুলির শব্দ শুনতে পান। সবাই মিলে তৎক্ষণাৎ একটি কনফারেন্স রুমে ঢুকে দরজায় টেবিল ঠেলে আটকে দেন। “আমরা সবাই ভয় পেয়েছিলাম। আমি বাবা-মাকে বার্তা পাঠাই যে, আমি তাদের ভালোবাসি,” বলেন তিনি।
ঘটনার পর টিভি ফুটেজে দেখা যায়, আতঙ্কিত মানুষজন হাত ওপরে তুলে ভবন থেকে বেরিয়ে আসছেন। ভবনটিতে নিরাপত্তা জোরদার করতে নিউইয়র্ক পুলিশের দুটি ইউনিট বেসরকারিভাবে নিয়োজিত ছিল।
নিউইয়র্ক শহরের মেয়র এরিক অ্যাডামস বলেন, “পাঁচজন নিরপরাধ মানুষকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আহতদের চিকিৎসা ও ঘটনাস্থল নিরাপদ করা হয়েছে।”
শহরের জরুরি ব্যবস্থাপনা বিভাগ ঘটনাস্থল সংলগ্ন এলাকায় যান চলাচল সীমিত রাখার নির্দেশনা দেয় এবং জনগণকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানায়।
উল্লেখ্য, চলতি বছরের জুলাই পর্যন্ত নিউইয়র্কে গুলির ঘটনা এবং হত্যাকাণ্ডের হার গত কয়েক দশকের মধ্যে সর্বনিম্নে ছিল বলে জানিয়েছে এপি। তবে এই হামলা নতুন করে নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি করেছে।

