চীনের রাজধানী বেইজিংয়ে টানা ভারী বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। শহরের উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকায় এসব প্রাণহানির ঘটনা ঘটে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো।
বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মিয়ুন ও ইয়ানচিং জেলা। সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে আল জাজিরা জানায়, মিয়ুন জেলায় ২৮ জন এবং ইয়ানচিংয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে।
বৈরী আবহাওয়ার কারণে শহরের বিভিন্ন অংশে বিদ্যুৎ, যোগাযোগ ও পরিবহনব্যবস্থা ভেঙে পড়েছে। অন্তত ১৩৬টি গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ৮০ হাজার মানুষ।
গত সপ্তাহান্তে শুরু হওয়া বৃষ্টিপাত সোমবার আরও তীব্র আকার ধারণ করে। বেইজিংয়ের উত্তরাঞ্চলে সর্বোচ্চ ৫৪৩ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানায় সিনহুয়া। আবহাওয়া অধিদপ্তর আশঙ্কা করছে, মঙ্গলবার সকালেই আরও বৃষ্টি হতে পারে- কিছু এলাকায় ৩০০ মিলিমিটার পর্যন্ত।
এ অবস্থায় মিয়ুন জেলার ১৯৫৯ সালে নির্মিত একটি জলাধারে পানি ধারণক্ষমতা ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালে সেটি থেকে পানি ছাড়া হয়। ফলে নিচু এলাকার নদীগুলোর পানিস্তর আরও বাড়বে বলে সতর্ক করে দিয়েছে কর্তৃপক্ষ।
চীনের রাষ্ট্রপতি শি জিনপিং সোমবার রাতে উদ্ধার তৎপরতা জোরদারের নির্দেশ দিয়েছেন। রাজধানীতে সব স্কুল বন্ধ রাখা হয়েছে এবং নির্মাণকাজ ও আউটডোর পর্যটন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।
এদিকে বেইজিং থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরের তাইশিতুন শহরে হঠাৎ করে বন্যার পানি ঢুকে পড়ে। কাদা ও স্রোতে শহরের রাস্তাঘাট ডুবে যায়, অনেক গাছপালা উপড়ে পড়ে। স্থানীয় বাসিন্দা ঝুয়াং ঝেলিন অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, “পানি এত দ্রুত এলো যে কিছু বোঝার আগেই সব কিছু ডুবে গেল।”
এর আগে সোমবার চীনের হেবেই প্রদেশে ভূমিধসে চারজনের মৃত্যু ও আরো আটজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়।

