জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস দৃঢ়ভাবে বলেছেন, ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্র প্রতিষ্ঠা কোনো পুরস্কার নয়, বরং এটি তাদের ন্যায্য অধিকার। তিনি সতর্ক করে বলেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় অব্যাহত অস্বীকৃতি সারা বিশ্বের চরমপন্থিদের জন্য একপ্রকার উপহার হয়ে দাঁড়াবে।
সোমবার (২৮ জুলাই) জাতিসংঘ আয়োজিত শান্তিপূর্ণ সমাধান বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে গুতেরেস এসব কথা বলেন।
তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের এখনই সময় দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে ‘জরুরি, সুনির্দিষ্ট ও অপরিবর্তনীয় পদক্ষেপ’ গ্রহণের। গাজায় চলমান সংকট ফিলিস্তিনিদের ক্রমবর্ধমান হতাশার দিকে ঠেলে দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
গুতেরেস বলেন, “সময় ফুরিয়ে যাচ্ছে। প্রতিটি দিন পার হওয়ার সঙ্গে সঙ্গে আস্থা ক্ষয়ে যাচ্ছে, প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়ছে এবং মানুষের আশা নিঃশেষ হয়ে যাচ্ছে।”
গাজা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে জাতিসংঘ মহাসচিব বলেন, এই সংকট এখন এক ধরনের অব্যাহত বিপর্যয়ে পরিণত হয়েছে।
মানবিক সহায়তার ওপর আরোপিত বিধিনিষেধ সাম্প্রতিক সময়ে কিছুটা শিথিল হওয়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবে স্বাগত জানালেও গুতেরেস স্পষ্ট করে বলেন, এটি মোটেও সমাধান নয়। বরং তিনি একটি অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতির ওপর জোর দিয়ে বলেন, “আমাদের এখনই প্রয়োজন- একটি স্থায়ী যুদ্ধবিরতি, সব জিম্মির নিঃশর্ত মুক্তি এবং পূর্ণ ও অবাধ মানবিক সহায়তা প্রবেশাধিকার। এগুলো কেবল শান্তির পূর্বশর্ত নয়, বরং শান্তির ভিত্তিই এগুলো।”
জাতিসংঘের এই আহ্বান এমন এক সময় এসেছে, যখন গাজায় ইসরায়েলি আগ্রাসনের মুখে হাজার হাজার ফিলিস্তিনি হতাহত, বাস্তুচ্যুত এবং মানবিক সহায়তা সংকটে রয়েছেন।

