কলকাতা মেট্রো রেলের কবি সুভাষ স্টেশনের একটি পিলারে ফাটল দেখা দেওয়ায় স্টেশনটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) দুপুরে ফাটলের ঘটনা প্রকাশ্যে আসার পরই এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। আপাতত শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলবে ট্রেন চলাচল, ফলে যাত্রীদের চরম দুর্ভোগের আশঙ্কা দেখা দিয়েছে।
কলকাতার মেট্রো রেল নগরবাসীর নিত্যদিনের ‘লাইফলাইন’ হিসেবে পরিচিত। প্রতিদিন কয়েক লাখ যাত্রী এ পরিষেবায় চলাচল করেন। সোমবারও ব্যতিক্রম ছিল না- স্টেশনগুলোতে ছিল ভিড় ও চাপাচাপি।
প্রত্যক্ষদর্শী ও মেট্রো সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১টার দিকে কবি সুভাষ স্টেশনগামী একটি মেট্রো ট্রেন শহীদ ক্ষুদিরাম স্টেশনে পৌঁছে থেমে যায় এবং এরপর দীর্ঘ সময় সেখানেই আটকে থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত আপ ও ডাউন উভয় লাইনে সীমিত পরিসরে মেট্রো পরিষেবা চালু করা হয়।
এই অংশে ট্রেন এলেও শহীদ ক্ষুদিরাম স্টেশনেই যাত্রীদের নামিয়ে দেওয়া হচ্ছিল। কবি সুভাষ স্টেশন পর্যন্ত ট্রেন পাঠানো হলেও তা ছিল যাত্রীবিহীন। ফাঁকা রেক ব্যবহার করা হচ্ছিল মূল স্টেশন পর্যবেক্ষণে।

পরবর্তী বিবৃতিতে মেট্রো কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি ভারী বর্ষণের কারণে কবি সুভাষ স্টেশনের একটি পিলারে চৌখুপির ফাটল সৃষ্টি হয়েছে। সেই কারণে স্টেশনটি ঝুঁকিপূর্ণ বিবেচনায় অবিলম্বে বন্ধ ঘোষণা করা হয়।
তবে এই ফাটল মেরামতে কতদিন লাগবে কিংবা কবি সুভাষ স্টেশনের স্বাভাবিক পরিষেবা কবে নাগাদ পুনরায় চালু হবে, সে বিষয়ে মেট্রো কর্তৃপক্ষ এখনো কোনো সময়সীমা জানাতে পারেনি।
যাত্রীরা বলছেন, শহরের দক্ষিণ প্রান্তের গুরুত্বপূর্ণ এই স্টেশন হঠাৎ বন্ধ হওয়ায় তাদের যাতায়াতে বড় ধরনের বিঘ্ন ঘটছে। বিকল্প পরিবহনের অভাবেও পড়তে হচ্ছে অতিরিক্ত ভোগান্তিতে।
উল্লেখ্য, কবি সুভাষ স্টেশন কলকাতা মেট্রোর দক্ষিণ প্রান্তের টার্মিনাল স্টেশন। এখান থেকে শহরের অন্যান্য অঞ্চলে সহজে যাতায়াত করতেন হাজার হাজার যাত্রী। স্টেশনটি বন্ধ থাকায় দক্ষিণ কলকাতার যাত্রীরা একরকম বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

