বঙ্গোপসাগরে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ। সোমবার (২৮ জুলাই) দিবাগত রাত ১২টা ১১ মিনিটে ৬ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা সংস্থা ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)।
সংস্থাটি এক বিবৃতিতে জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সাগরের তলদেশে, যা ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে অবস্থিত। তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের কেন্দ্রশাসিত ৮টি অঞ্চলের একটি, যা বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের সংযোগস্থলে অবস্থিত। এই দ্বীপপুঞ্জে ছোট-বড় মিলিয়ে ৫৭২টি দ্বীপ রয়েছে, যার মধ্যে মাত্র ৩৮টিতে মানুষের বসবাস।
ভৌগলিকভাবে আন্দামান অঞ্চল একটি অত্যন্ত সক্রিয় ভূমিকম্পপ্রবণ এলাকা। এখানে ঘন ঘন ভূমিকম্প ও সুনামির ঝুঁকি বিরাজ করে। দক্ষিণ এশিয়ার একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে এই দ্বীপপুঞ্জের ব্যারেন দ্বীপে।

