যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই সপ্তাহেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করতে যাচ্ছেন বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাসীন লেবার পার্টির ভেতরে ক্রমবর্ধমান চাপের প্রেক্ষিতে স্টারমার এ সিদ্ধান্ত নিচ্ছেন। অন্তত সাতজন মন্ত্রিসভার সদস্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন, যেন তিনি নির্বাচনী ইশতেহারে উল্লেখ করা প্রতিশ্রুতি অনুযায়ী ফিলিস্তিনকে স্বীকৃতি দেন। যদিও ইশতেহারে নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করা হয়নি, লেবার পার্টি ২০২৪ সালের জুলাইয়ে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিজয়ের আগে এ প্রতিশ্রুতি দিয়েছিল।
টাইমস আরো জানায়, পার্টির প্রায় ১৩০ জন ব্যাকবেঞ্চ এমপি- অর্থাৎ সংসদীয় দলের এক-তৃতীয়াংশ-ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি তুলেছেন।
একজন প্রধানমন্ত্রীর মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে টাইমস জানায়, স্টারমার বর্তমানে ইউরোপীয় নেতাদের সঙ্গে এমন একটি পরিকল্পনা ভাগাভাগি করছেন, যার লক্ষ্য দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা। এই পরিকল্পনার অংশ হিসেবে ফিলিস্তিনিদের ‘নিজস্ব রাষ্ট্র গঠনের অবিচ্ছেদ্য অধিকার’-এর প্রতি সম্মান জানিয়ে তাদের স্বীকৃতি দেওয়া হবে।
এর আগে যুক্তরাজ্যের ২২০ জনের বেশি সংসদ সদস্য, যাদের মধ্যে লেবার পার্টির অনেক এমপি রয়েছেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান। নয়টি ভিন্ন রাজনৈতিক দলের এমপিদের স্বাক্ষর করা একটি যৌথ চিঠিতে তারা প্রধানমন্ত্রী স্টারমারকে আহ্বান জানান, যেন তিনি আগামী সপ্তাহে নিউ ইয়র্কে অনুষ্ঠেয় এক আন্তর্জাতিক সম্মেলনে এই স্বীকৃতি ঘোষণা করেন।
এই সম্মেলনটি ২৮ ও ২৯ জুলাই জাতিসংঘের উদ্যোগে ফ্রান্স ও সৌদি আরবের সহ-সভাপতিত্বে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
চিঠিতে বলা হয়েছে, “আমরা বুঝি, শুধুমাত্র যুক্তরাজ্যের স্বীকৃতি দিয়েই একটি স্বাধীন ও মুক্ত ফিলিস্তিন গঠন সম্ভব নয়। কিন্তু এই স্বীকৃতি বিশ্ববাসীর কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেবে।”
এছাড়াও চিঠিতে ব্রিটেনের ঐতিহাসিক দায় ও আন্তর্জাতিক ভূমিকাও তুলে ধরা হয়। তারা উল্লেখ করেন, ১৯১৭ সালের বেলফোর ঘোষণা’র মাধ্যমে যুক্তরাজ্য ইসরায়েল রাষ্ট্র গঠনে যে ভূমিকা রেখেছিল, এখন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়াও ব্রিটেনের নৈতিক দায়িত্ব।
এই চিঠিতে কনজারভেটিভ, লিবারেল ডেমোক্র্যাট, স্কটিশ ন্যাশনাল পার্টি এবং ওয়েলসের প্লাইড কামরিসসহ বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্যরা স্বাক্ষর করেছেন। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে টেকসই শান্তির পক্ষে যুক্তরাজ্যের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানানো হয়েছে।
ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির বিষয়ে স্টারমার সরকারের ওপর চাপ ক্রমাগত বাড়ছে, বিশেষত লেবার পার্টির অভ্যন্তর থেকে। এই পরিস্থিতিতে মন্ত্রিসভার আসন্ন বৈঠকটিকে একটি তাৎপর্যপূর্ণ রাজনৈতিক মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।

