গাজায় চলমান মানবিক বিপর্যয় নিরসনের আগে যুক্তরাষ্ট্র যেন ইসরাইলকে কোনো ধরনের সামরিক বা আর্থিক সহায়তা না দেয়- এমনই ঘোষণা দিয়েছেন মার্কিন সিনেটর অ্যাঙ্গাস কিং। তিনি স্পষ্টভাবে বলেছেন, ‘যতদিন গাজায় শিশুরা খাদ্য ও ওষুধের অভাবে কষ্ট ভোগ করবে, যতদিন তারা অনাহারে থাকবে, ততদিন আমি ইসরাইলকে কোনো ধরনের সহায়তা সমর্থন করব না।’
সিনেটর কিংয়ের এই মন্তব্য যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। বিশেষ করে ইসরাইলপন্থী রাজনীতিকদের মধ্যে তাঁর অবস্থানের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই তাঁর অবস্থানকে ‘ইসরাইলের নিরাপত্তা ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার বানানো’র চেষ্টা হিসেবে আখ্যা দিয়েছেন।
তবে গাজায় শিশুরা যে মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে, তার প্রেক্ষাপটেই সিনেটরের বক্তব্য এসেছে। জাতিসংঘের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গাজার প্রায় ৯০ শতাংশ শিশু পর্যাপ্ত পুষ্টিকর খাদ্য পাচ্ছে না এবং বহু শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। তাদের হাতে নেই পর্যাপ্ত ওষুধ বা চিকিৎসাসেবা।
ইসরাইল গত দুই বছর ধরে গাজা উপত্যকার ওপর অবরোধ আরোপ করে রেখেছে। চলতি বছরের ২ মার্চ থেকে তারা গাজার সব সীমান্তপথ পুরোপুরি বন্ধ করে দেয়, ফলে সেখানে খাদ্য, পানি ও চিকিৎসাসহ সবধরনের মানবিক সহায়তা প্রবেশে মারাত্মক সংকট তৈরি হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইল গাজায় আক্রমণ শুরু করে। টানা বিমান হামলা, স্থল অভিযানে গাজার প্রায় প্রতিটি শহর ও অবকাঠামো বিধ্বস্ত হয়ে গেছে। জাতিসংঘের হিসাবে, এই সংঘাতে এখন পর্যন্ত প্রায় ৬০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।
বর্তমানে গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা প্রায় সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। পানি ও জ্বালানির সংকটে হাসপাতালগুলো কার্যত অচল হয়ে পড়েছে। বহু শিশু অস্ত্রোপচার ছাড়াই গুরুতর আহত অবস্থায় দিন কাটাচ্ছে। জাতিসংঘ ও অন্যান্য মানবাধিকার সংস্থা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দ্রুত ও টেকসই মানবিক সহায়তা জোরদারের আহ্বান জানাচ্ছে।
সিনেটর অ্যাঙ্গাস কিং, যিনি মূলত একজন স্বতন্ত্র রাজনীতিক হিসেবে পরিচিত, তার এই বক্তব্যে মার্কিন প্রশাসনের মধ্যেও একপ্রকার চাপ তৈরি হয়েছে। ইসরাইলের প্রতি অন্ধ সমর্থনের দীর্ঘ ঐতিহ্যের বিপরীতে গিয়ে তিনি মানবিক দিকটিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন।
তাঁর ভাষায়, ‘আমাদের প্রথম কাজ হওয়া উচিত মানবিক সহায়তা নিশ্চিত করা। তারপর বিবেচনা করতে পারি, কারা সেই সহায়তা পাওয়ার যোগ্য।’ তাঁর মতে, যুক্তরাষ্ট্রের অস্ত্র ও তহবিল দিয়ে এমন একটি রাষ্ট্রকে সহায়তা করা অনৈতিক, যারা নিরস্ত্র শিশুদের খাদ্য ও চিকিৎসা থেকে বঞ্চিত করছে।
আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন, সিনেটর কিংয়ের বক্তব্য মার্কিন রাজনীতিতে ইসরাইলের প্রতি শর্তহীন সমর্থনের ধারার মধ্যে একটি সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত হতে পারে। তবে এই অবস্থান কতটা প্রভাব ফেলবে যুক্তরাষ্ট্রের সরকারী নীতিতে, তা এখনো পরিষ্কার নয়।
গাজার পরিস্থিতি দিনদিন ভয়াবহ হয়ে উঠছে এবং ইসরায়েলের কর্মকাণ্ডকে যুদ্ধাপরাধ আখ্যা দিয়ে এর আন্তর্জাতিক তদন্তও দাবি করা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র এখনো জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরাইলবিরোধী বেশ কয়েকটি প্রস্তাবে ভেটো দিয়ে এসেছে।
এই প্রেক্ষাপটে অ্যাঙ্গাস কিংয়ের বক্তব্য কেবল মানবিক আবেদন নয়, এটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির উপর দীর্ঘস্থায়ী চাপেরও ইঙ্গিত দিচ্ছে।

