ইরান, রাশিয়া এবং তুরস্কের পর এবার ইসরাইলকে রাষ্ট্রীয় হুমকি হিসেবে চিহ্নিত করেছে নেদারল্যান্ডস। ‘রাষ্ট্রীয় হুমকির রিপোর্ট ২০২৫’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ প্রতিবেদনে ইসরাইলকে জাতীয় নিরাপত্তার জন্য বিদেশি হুমকি হিসেবে তালিকাভুক্ত করেছে দেশটির জাতীয় সন্ত্রাস দমন ও নিরাপত্তা সমন্বয়কারী সংস্থা (এনসিটিভি)।
সোমবার (২৮ জুলাই) মিডল ইস্ট আইসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইসরাইল রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় হস্তক্ষেপ এবং মত প্রকাশের স্বাধীনতা নিয়ন্ত্রণের মাধ্যমে বিদেশি প্রভাব বিস্তার করছে। এসব কর্মকাণ্ড গণতান্ত্রিক মূল্যবোধের জন্য হুমকি তৈরি করে বলেও এতে উল্লেখ করা হয়েছে।
এনসিটিভি’র প্রতিবেদনে আরো বলা হয়েছে, বিদেশি হস্তক্ষেপ, রাজনৈতিক প্রভাব বিস্তার, অর্থনৈতিক চাপ, গুপ্তচরবৃত্তি এবং সামরিক হুমকিসহ বিভিন্ন দিক থেকে ইসরাইল নেদারল্যান্ডসের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব কারণে ইসরাইলকে ‘বিদেশি হুমকি’ তালিকায় স্থান দেওয়া হয়েছে।
এনসিটিভি প্রতিবছর এ ধরনের মূল্যায়ন রিপোর্ট প্রকাশ করে, যার মাধ্যমে সম্ভাব্য বিদেশি হুমকির উৎস শনাক্ত করা হয়। এবারের প্রতিবেদনে প্রথমবারের মতো ইসরাইলের নাম উঠে আসায় বিষয়টি আন্তর্জাতিকভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

