যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে স্কটল্যান্ডে এক যৌথ সংবাদ সম্মেলনে লন্ডনের মেয়র সাদিক খানকে আবারও ব্যক্তিগত আক্রমণের মুখে ফেললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ সম্মেলনের মাঝেই তিনি খানকে ‘ঘৃণ্য ব্যক্তি’ বলে অভিহিত করেন। তখন পাশে থাকা প্রধানমন্ত্রী স্টারমার হস্তক্ষেপ করে খানকে ‘আমার বন্ধু’ বলে উল্লেখ করেন।
প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদকাল থেকেই সাদিক খানের সঙ্গে তাঁর দ্বন্দ্ব শুরু হয়। সেসময় ট্রাম্পের মুসলিমপ্রধান কয়েকটি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সরব হন লন্ডনের এই মেয়র। এরপর থেকে ট্রাম্প খানকে উদ্দেশ্য করে একাধিকবার কঠোর ভাষায় আক্রমণ করে আসছেন।
২০১৬ সালে সাদিক খান পশ্চিমা বিশ্বের কোনো রাজধানীতে প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন। এরপর থেকেই ট্রাম্প তাকে কখনও ‘সন্ত্রাসবাদ মোকাবেলায় ব্যর্থ’, কখনও ‘স্টোন কোল্ড লুজার’ বা ‘খুবই বোকা’ বলেও কটাক্ষ করেছেন।
২০২৪ সালের ৫ নভেম্বর প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচনের আগে এক পডকাস্টে সাদিক খান অভিযোগ করেন, ট্রাম্প তাকে ধর্ম ও জাতিগত পরিচয়ের জন্যই আক্রমণ করেন। খান বলেন, ‘খোলামেলাভাবে বললে, সে আমার ধর্ম ও জাতিগত পরিচয়ের জন্যই আমাকে আক্রমণ করছে।’
তবে একই বছরের ডিসেম্বরে এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে খান বলেন, ‘আমেরিকান জনগণ জোরালো ও স্পষ্টভাবে তাদের মতামত দিয়েছে। আমাদের উচিত নির্বাচনের ফলাফলকে সম্মান করা।’
সোমবার, ট্রাম্পের বক্তব্যের পর মেয়র খানের মুখপাত্র এক বিবৃতিতে জানান, ট্রাম্প লন্ডন সফরে আগ্রহী শুনে মেয়র খুশি হয়েছেন। মুখপাত্র বলেন, ‘তিনি এসে দেখবেন, আমাদের বৈচিত্র্য আমাদের দুর্বল নয় বরং শক্তি; আমাদের দরিদ্র নয় বরং সমৃদ্ধি এনে দিয়েছে।’
সংবাদ সম্মেলনের এক পর্যায়ে এক সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞেস করেন, তিনি কি সেপ্টেম্বরে নির্ধারিত রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে লন্ডনে যাবেন? ট্রাম্প উত্তর দেন, ‘হ্যাঁ’, তবে সঙ্গে যোগ করেন, ‘আমি আপনার মেয়রের ভক্ত নই। আমি মনে করি সে ভয়াবহভাবে ব্যর্থ হয়েছে।’
তিনি আরো বলেন, ‘লন্ডনের মেয়র একজন ঘৃণ্য ব্যক্তি।’
প্রেসিডেন্টের এ মন্তব্যের ঠিক পরই প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ‘তিনি (খান) আমার বন্ধু।’ তবে ট্রাম্প নিজের অবস্থান পুনরায় জোর দিয়ে বলেন, ‘আমি মনে করি সে খুব খারাপভাবে ব্যর্থ হয়েছে। তবে আমি অবশ্যই লন্ডন সফর করব।’
ট্রাম্প ও সাদিক খানের সম্পর্ক দীর্ঘদিন ধরেই বৈরিতাপূর্ণ। উভয়ের রাজনৈতিক আদর্শ ও ব্যাকগ্রাউন্ড একেবারে ভিন্ন। স্টারমার লেবার পার্টির সদস্য হওয়ায়, খান ও তার রাজনৈতিক অবস্থানের সঙ্গে তার ঘনিষ্ঠতা স্বাভাবিক। জানুয়ারিতে হোয়াইট হাউসে ট্রাম্পের প্রত্যাবর্তনের আগের দিন এক নিবন্ধে খান ‘পশ্চিমে প্রতিক্রিয়াশীল জনতাবাদীদের উত্থানকে’ প্রগতিশীলদের জন্য ‘এই শতকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ’ হিসেবে বর্ণনা করেন।
সংবাদ সম্মেলনে যে উত্তেজনা তৈরি হয়েছিল, তা কূটনৈতিকভাবে বিরল, বিশেষত যখন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এক মঞ্চে থাকেন। এতে বোঝা যায়, দুই নেতার দৃষ্টিভঙ্গিতে পার্থক্য থাকলেও রাষ্ট্রীয় সম্পর্কের ধারা সচল রাখাই মূল লক্ষ্য।

