যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে অগ্রগতি দেখানোর জন্য রাশিয়াকে ১০ থেকে ১২ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। গতকাল সোমবার স্কটল্যান্ডে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠককালে তিনি এই আল্টিমেটাম দেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, রাশিয়া যদি এই সময়ের মধ্যে যুদ্ধ বন্ধে কোনো অগ্রগতি না দেখায় তবে কঠোর পরিণতির মুখে পড়তে হবে। তিনি বলেন, এখন অপেক্ষার কোনো কারণ নেই, কারণ এ পর্যন্ত কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না।
ট্রাম্প বলেন, ‘আমি নতুন একটি সময়সীমা দিতে যাচ্ছি। আজ থেকে ১০ বা ১২ দিনের সে সময়সীমা। আমরা কোনো অগ্রগতিই দেখতে পাচ্ছি না।’ তাঁর এই হুঁশিয়ারির মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে, এর আগে যুদ্ধ বন্ধে হস্তক্ষেপ নিয়ে দ্বিধায় থাকলেও এবার তিনি সরাসরি অবস্থান নিচ্ছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরো জানান, রাশিয়া যদি নির্ধারিত সময়সীমার মধ্যে যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে রাশিয়া এবং তাদের রপ্তানি পণ্যের ক্রেতাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এই নিষেধাজ্ঞা হবে এমন ধরনের যা রাশিয়ার অর্থনীতিকে দৃশ্যত ক্ষতিগ্রস্ত করতে পারে।
এই সময়সীমা ঘোষণার আগে ট্রাম্প চলতি মাসের শুরুতে পুতিনকে ৫০ দিনের একটি সময়সীমা দিয়েছিলেন। এবার সেটি আরো কমিয়ে আনলেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এটি তাঁর সবচেয়ে কঠোর হুঁশিয়ারি হিসেবে বিবেচিত হচ্ছে।
এই বিষয়ে ক্রেমলিন থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র দিমিত্রি মেদভেদেভ ট্রাম্পের এই পদক্ষেপকে ‘সময়সীমার খেলা’ বলে মন্তব্য করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মেদভেদেভ বলেন, ‘প্রতিটি নতুন সময়সীমা মানে একেকটি নতুন হুমকি এবং এটি যুক্তরাষ্ট্রকে একটি যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। এটি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নয়, বরং তাঁর (ট্রাম্পের) নিজের দেশের সঙ্গেই সংঘাতের ঝুঁকি তৈরি করছে।’
অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ট্রাম্পের এই বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন। এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ট্রাম্প সময়মতো শক্ত অবস্থান নিয়েছেন এবং এতে করে সত্যিকারের শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা জোরদার হয়েছে। তিনি বলেন, ‘এই ভয়াবহ যুদ্ধ বন্ধে এবং মানুষের প্রাণ রক্ষায় মনোযোগী হওয়ার জন্য আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাই।’
উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হয়েছিল ২০২২ সালের ফেব্রুয়ারিতে। এর পর থেকে সংঘাতের মাত্রা বিভিন্ন সময় বাড়ছে কমছে, কিন্তু স্থায়ী কোনো শান্তি স্থাপিত হয়নি। পশ্চিমা বিশ্ব একাধিকবার যুদ্ধবিরতির উদ্যোগ নিলেও বড় ধরনের সাফল্য পায়নি। ট্রাম্পের নতুন আল্টিমেটাম এই সংঘাতের মোড় ঘোরাবে কি না, তা এখন সময়ই বলে দেবে।

