ইউক্রেনের জাপোরিজ্জিয়া অঞ্চলের একটি অপরাধী সংশোধন কেন্দ্রে বোমা হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। সোমবার রাতে চালানো ওই হামলায় অন্তত ১৬ জন নিহত এবং আরো অন্তত ৩৫ জন আহত হয়েছেন।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে জাপোরিজ্জিয়ার গভর্নর ইভান ফেদেরভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানান, বিস্ফোরণে সংশোধনাগারটির মূল ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং পার্শ্ববর্তী বেশ কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ভাষায়, সোমবার রাতে রুশ যুদ্ধবিমান অন্তত আট দফা বোমা বর্ষণ করে সংশোধনাগার ও আশপাশের এলাকায়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শীর্ষ উপদেষ্টা আন্দ্রিয়ে ইয়েরমাক এ হামলার নিন্দা জানিয়ে এক টেলিগ্রাম পোস্টে বলেন, “এই হামলার মাধ্যমে আরও একটি যুদ্ধাপরাধ করল রাশিয়া।”
প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রায় আগ্রাসন চালানোর পর একই বছরের মধ্যভাগে জাপোরিজ্জিয়া অঞ্চলকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে মস্কো। তবে শুরু থেকেই এই অঞ্চলে রুশ ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে।
যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই দাবি করে আসছে, তারা বেসামরিক জনগণকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে না। কিন্তু বাস্তবতা হলো, এই তিন বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে দুই দেশের হাজার হাজার বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন।

