সন্তান কোলে নিয়েই অস্ট্রেলিয়ার পার্লামেন্টে প্রথম ভাষণ দিয়েছেন সদ্য নির্বাচিত নারী সিনেটর করিন মুলহল্যান্ড। সন্তানটি মাত্র কয়েক মাসের এবং এই বয়সে মায়ের সঙ্গ ছাড়া তার থাকা সম্ভব নয়- তাই মাতৃত্বের প্রতীক হয়ে ওঠেন করিন, সংসদ কক্ষে দাঁড়িয়ে বক্তব্য দেন সন্তানকে বুকে জড়িয়ে।
ভাষণের সময় করিনের ছোট্ট ছেলেটিও মায়ের কথার ছন্দে সুর মেলানোর চেষ্টা করে। সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, করিন যখন বক্তব্য দিচ্ছেন, তখন কোলে থাকা শিশুটি ছটফট করছে আর পেছন থেকে এক সংসদ সদস্য তাকে শান্ত রাখতে হাসিমুখে অঙ্গভঙ্গি করছেন।
করিন মুলহল্যান্ড অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড থেকে নির্বাচিত লেবার পার্টির সিনেটর। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে কুইন্সল্যান্ডের সংসদ ভবনে এই ঘটনা ঘটে।
ভাষণে করিন বলেন, “আমার সন্তান এখানে কোনো প্রতীক হিসেবে নয় বরং একটি শক্তিশালী স্মারক। আমি কেন এখানে আছি, তার প্রতিফলন এই সন্তান। আমি একজন স্ত্রী, একজন মা এবং কুইন্সল্যান্ডের প্রান্তিক শহরতলীর একজন নাগরিক।”
তিনি বলেন, সংসদীয় চেম্বারে শুধু তত্ত্বগত নয়, বাস্তব জীবনেও মা-বাবাদের উপস্থিতি প্রয়োজন। শিশু লালন-পালনের বাস্তবতা, দায়িত্ব এবং মাতৃত্বের টানাপোড়েন সংসদের নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
করিন বলেন, “অনেক কর্মজীবী মা-বাবার মতো আমিও কাজ এবং পারিবারিক দায়িত্বের ভারসাম্য রক্ষা করতে শিখেছি। বহু বছরের সংগ্রামে যেসব সংসদ সদস্য পথ তৈরি করেছেন, তাদের জন্য কৃতজ্ঞ। এখন সময় এসেছে সংসদের বাইরের কর্মজীবী মা-বাবার জন্যও একই ধরনের আধুনিক ও নমনীয় কর্মপরিবেশ নিশ্চিত করার।”
তিনি আরো বলেন, “আমি চাই প্রতিটি পরিবার যেন কাজের সময়, স্থান ও পদ্ধতি বেছে নেওয়ার স্বাধীনতা ও নমনীয়তা পায়।” কর্মজীবী পরিবারগুলোর জীবনে সহায়ক নীতিমালা প্রণয়নের প্রতিশ্রুতিও দেন তিনি।
ভাষণ শেষে মা ও সন্তান নির্বিঘ্নেই সংসদ কক্ষ থেকে বেরিয়ে আসেন। ভাষণের শেষভাগে করিনের সন্তানকে সংসদের কয়েকজন সদস্য কোলে নিয়ে আদর করেন- যা ছিল এক মানবিক ও হৃদয়গ্রাহী দৃশ্য।

