রাশিয়ার উপকূলে বুধবার ভোরে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। কম্পনের পরপরই সুনামির ঢেউ আছড়ে পড়তে শুরু করেছে বিভিন্ন উপকূলীয় অঞ্চলে। এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের হনলুলু শহরে সুনামি সতর্কতা জারি করে জনগণকে নিচু স্থান ত্যাগ করে নিরাপদ উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
হাওয়াইয়ের হনলুলু শহরের মেয়র রিক ব্ল্যানজিয়ার্ডি এক সংবাদ ব্রিফিংয়ে জানান, “শহরজুড়ে এখন পূর্ণ সুনামি সতর্কতা বলবৎ রয়েছে। যারা নিচু এলাকায় রয়েছেন, তাদের দ্রুত উঁচু স্থানে চলে যেতে হবে।” হাওয়াইয়ের গভর্নর জোশ গ্রিন জানান, জাপান ও হাওয়াইয়ের মাঝামাঝি অবস্থিত মিডওয়ে অ্যাটল দ্বীপের ওপর দিয়ে ৬ ফুট বা ১.৮ মিটার উচ্চতার সুনামি ঢেউ ইতোমধ্যেই অতিক্রম করেছে। তিনি বলেন, “এটি ছিল ঢেউয়ের নিচের অংশ থেকে চূড়া পর্যন্ত পরিমাপ।”
গভর্নর আরো সতর্ক করে বলেন, “আমরা এখনো একটি বড় ঢেউয়ের আশঙ্কা করছি। পরিস্থিতি পুরোপুরি নিরাপদ না হওয়া পর্যন্ত সুনামি সতর্কতা প্রত্যাহার করা হবে না।”
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, সুনামি ঢেউ এখন হাওয়াইয়ে আঘাত হানছে। তাদের ভাষায়, “জীবন ও সম্পদ রক্ষায় এখনই জরুরি পদক্ষেপ নেওয়া দরকার।” কেন্দ্রটি সতর্ক করেছে যে, এই ঝুঁকি কয়েক ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে।
ওয়াহু দ্বীপের হালেইওয়া এলাকায় ৪ ফুট উচ্চতার ঢেউ রেকর্ড করা হয়েছে। দ্বীপের জরুরি ব্যবস্থাপনা বিভাগ সর্বশেষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যাদের উপকূলীয় এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছিল, তারা যেন এখনই না ফেরেন। তারা বলছে, “সুনামির ঢেউ এখনো হাওয়াই অঙ্গরাজ্যে আঘাত হানছে এবং সতর্কতা পুরোপুরি বহাল রয়েছে। ইভাকুয়েশন জোনে কেউ যেন নিরাপদ ঘোষণার আগেই না ফেরেন।”
এই পরিস্থিতিতে হাওয়াইজুড়ে উপকূলীয় শহরগুলোতে জরুরি তৎপরতা চলছে এবং সুরক্ষার স্বার্থে জনগণকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানানো হয়েছে।

