জলবায়ু পরিবর্তনের ভয়াবহ বাস্তবতা আবারও স্পষ্ট হলো জাপানে, যেখানে রেকর্ড গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বুধবার টাম্বা শহরে তাপমাত্রা পৌঁছে যায় ৪১.২ ডিগ্রি সেলসিয়াসে (১০৬.১৬ ফারেনহাইট), যা দেশটির ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। এই তাপমাত্রা পূর্বের সর্বোচ্চ রেকর্ড ৪১.১ ডিগ্রিকেও ছাড়িয়ে গেছে, যা ২০১৮ এবং ২০২০ সালে রেকর্ড হয়েছিল।
জাপানের অন্যান্য শহর যেমন ফুকুচিয়ামা (কিয়োতো), মানিওয়া (ওকায়ামা) এবং নিশিওয়াকি (হিয়োগো) তেও ৪০ ডিগ্রির উপরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জাতীয় সম্প্রচার সংস্থা এনএইচকে জানিয়েছে, বুধবার দেশের ৪৭টি প্রিফেকচারের মধ্যে ৩৩টিতেই হিটস্ট্রোক সতর্কতা জারি করা হয়।
তীব্র গরমে গত সপ্তাহে ১০,৮০০ জন মানুষকে হিটস্ট্রোকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে, যার মধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি।
এটি শুধু একটি দিনের ব্যাপার নয়। গত জুন ছিল জাপানের ইতিহাসে সবচেয়ে গরম জুন মাস, যেখানে গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২.৩৪ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এর আগেও ২০২৪ সালে জাপান তাদের ইতিহাসের সবচেয়ে গরম বছর পার করেছে এবং টানা দ্বিতীয়বারের মতো গড় তাপমাত্রার রেকর্ড ভেঙেছে।
এই ভয়াবহ আবহাওয়ার ধারা বিশ্বব্যাপী চলমান জলবায়ু সংকটেরই অংশ, যা দিনে দিনে আরও ভয়ংকর হয়ে উঠছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন—তাপমাত্রা বৃদ্ধির এ প্রবণতা যদি থামানো না যায়, তাহলে এমন চরম আবহাওয়া আরও নিয়মিত ও প্রাণঘাতী হয়ে উঠবে।

