ইউরোপের ছোট দ্বীপরাষ্ট্র মাল্টা ঘোষণা দিয়েছে, তারা আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে। মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যায় মাল্টার প্রধানমন্ত্রী রবার্ট আবেলা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন।
আবেলা বলেন, “মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির লক্ষ্যে গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করার প্রতি আমাদের অঙ্গীকার এই সিদ্ধান্তে প্রতিফলিত হয়েছে।”
এ ঘোষণা আসে এমন এক সময়ে, যখন ইউরোপজুড়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ধারা গতি পাচ্ছে। এর আগে ফ্রান্সও জানিয়েছিল, তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। পাশাপাশি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও সম্প্রতি একই ধরনের ঘোষণা দিয়েছেন।
মে মাসেই আবেলা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং প্রথমে জানিয়েছিলেন যে, জুন মাসে জাতিসংঘে ফিলিস্তিন বিষয়ক এক সম্মেলনে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। তবে পরবর্তীতে সেই সম্মেলন স্থগিত হয়ে যায়।
মাল্টার সরকার এই সিদ্ধান্ত নিতে দেশের অভ্যন্তর থেকেই চাপের মুখে রয়েছে। জুলাইয়ের মাঝামাঝি সময়ে দেশটির মধ্য-ডানপন্থী বিরোধী দলও সরকারকে অবিলম্বে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানায়।
ভূমধ্যসাগরের এই দ্বীপরাষ্ট্রটি দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনপন্থী অবস্থানে রয়েছে। মাল্টা বরাবরই “দ্বি-রাষ্ট্রীয় সমাধান”—অর্থাৎ, ইসরায়েল ও ফিলিস্তিন উভয়কে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে পাশাপাশি শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে সমর্থন জানিয়ে এসেছে।
এর আগে চলতি বছরের মে মাসে আয়ারল্যান্ড, নরওয়ে এবং স্পেন একসঙ্গে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং ইসরায়েলের তীব্র সমালোচনার মুখে পড়ে।
মাল্টার এই সিদ্ধান্ত সেই ধারারই অংশ, যা একটি স্পষ্ট বার্তা দেয়—বিশ্বের আরও দেশ এখন ফিলিস্তিনের সার্বভৌমত্বের দাবি ও ন্যায়বিচারের আহ্বানে একাত্মতা প্রকাশ করছে।

