রাশিয়ার একটি এস-৪০০ দীর্ঘপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষামূলকভাবে ইরানে মোতায়েন করা হয়েছে বলে ইরানের কয়েকটি গণমাধ্যম প্রকাশ করেছে। ইসফাহান শহরের কাছে এই পরীক্ষা পরিচালিত হয়েছে বলে জানা গেছে। পরীক্ষার অংশ হিসেবে ৯১এন৬ই অনুসন্ধান রাডার, ৯২এন৬ই এনগেজমেন্ট রাডার, একটি কমান্ড ও কন্ট্রোল ইউনিট এবং একাধিক মোবাইল ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্র অন্তর্ভুক্ত ছিল।
যদি এই প্রতিবেদন সত্য হয়, তবে এখনও নিশ্চিত হওয়া যায়নি এটি ইঙ্গিত করে কিনা যে ইরান এস-৪০০ ক্রয় করেছে, নাকি রাশিয়ার অ্যারোস্পেস ফোর্স এই প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা প্রদর্শনের উদ্দেশ্যে এটি মোতায়েন করেছে। এর আগেও ইরানি কর্মকর্তারা এস-৪০০ ব্যবস্থার প্রতি অনাগ্রহ প্রকাশ করে বলেছেন, দেশীয়ভাবে তৈরি বাভার ৩৭৩ প্রতিরক্ষা ব্যবস্থা তুলনামূলক ক্ষমতা দিতে সক্ষম।
তবে দীর্ঘপাল্লার প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে ইরানের সীমিত অভিজ্ঞতা এবং অপেক্ষাকৃত ছোট প্রযুক্তিগত ভিত্তি এসব দাবির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে।
যদিও ইরান সরকার দাবি করেছে, জুন মাসে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষ চলাকালে এফ-৩৫আই পঞ্চম প্রজন্মের যোদ্ধা বিমান ভূপাতিত করার চারটি ঘটনার মধ্যে তিনটিই বাভার ৩৭৩ ব্যবস্থার মাধ্যমে ঘটেছে, তবুও এই ব্যবস্থার কার্যকারিতা নিয়ে সন্দেহ, প্রতিরক্ষা ভাণ্ডারে বৈচিত্র্য আনার প্রয়োজনীয়তা, অথবা দেশীয় ব্যবস্থার উৎপাদনে বিলম্ব- এসব কারণে ইরানের এস-৪০০-এর প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে।
যদি জুনের সংঘর্ষের ফলস্বরূপ এস-৪০০ ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে, তবে সম্ভবত বর্তমানে ইরানে যে ব্যবস্থা পরীক্ষা করা হচ্ছে তা রুশ বাহিনী দ্বারা পরিচালিত হচ্ছে, কারণ ইরানি সেনাদের পুনরায় প্রশিক্ষণের জন্য যথেষ্ট সময় পাওয়া যায়নি। তবে ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী ২০১৬ সাল থেকে এস-৩০০পিএমইউ-২ ব্যবস্থার ব্যবহার করে আসছে, যা এস-৪০০-এর সরাসরি পূর্বসূরি।

সেক্ষেত্রে পুরোনো ব্যবস্থার প্রশিক্ষণপ্রাপ্ত সেনাদের পুনঃপ্রশিক্ষণের মাধ্যমে দ্রুত এস-৪০০ চালু করা সম্ভব হতে পারে।
ইরানের আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত, বিশেষ করে ১৩ থেকে ২৪ জুন পর্যন্ত ইসরায়েল ও আমেরিকার আকাশ হামলাগুলোর বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে না পারায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছে।
জুলাইয়ের শুরুতে খবর বেরিয়েছিল যে চীন ইরানকে HQ-9B দীর্ঘপাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছে, যা এস-৪০০-এর অনুরূপ। যদি ইরান দুটি ব্যবস্থাই সংগ্রহ করে, তাও অস্বাভাবিক হবে না, কারণ আলজেরিয়াও ন্যাটো হামলার আশঙ্কায় উভয় ব্যবস্থা যৌথভাবে ব্যবহার করছে।
যদিও চীন HQ-9B রপ্তানির জন্য সক্রিয়ভাবে প্রচার চালিয়ে যাচ্ছে, রাশিয়া নিজেই বর্তমানে এস-৪০০-এর ঘাটতিতে ভুগছে, যদিও উৎপাদন ক্ষমতা বাড়ানো হয়েছে। ফলে ইরানে সাম্প্রতিক সরবরাহের দাবি কতটা সত্য, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
সম্প্রতি রাশিয়া বেলারুশ ও ভারতে এস-৪০০ সরবরাহ করেছে, তবে ইউক্রেন যুদ্ধ ও ন্যাটোর সঙ্গে উত্তেজনার কারণে ভারতের জন্য পরবর্তী চালান বিলম্বিত হয়েছে।

যেহেতু বিদেশি প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই নিশ্চিত করা হয়নি, তাই চীন বা রাশিয়া থেকে এস-৪০০ ইরানে পৌঁছেছে- এমন প্রতিবেদনের ভিত্তি কতটা মজবুত তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।
এমনকি যদি উভয় ব্যবস্থাই সরবরাহ হয়ে থাকে, তবুও ইরান কিছুটা ঝুঁকিপূর্ণ থাকবে, কারণ তাদের কাছে আধুনিক যুদ্ধবিমান ও আকাশ নজরদারি (AEW&C) সিস্টেমের অভাব রয়েছে। এসবের অভাবে উন্নত হুমকির বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা কঠিন হবে, বিশেষত যখন ইসরায়েল তার এফ-৩৫আই বহর সম্প্রসারণ করছে এবং উন্নত এফ-১৫ইএক্স যুদ্ধবিমান গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।
যদিও ইরানি সূত্র ২০২২ সাল থেকে সু-৩৫ যুদ্ধবিমান অর্ডার দেওয়ার কথা জানিয়ে আসছে, এখনো তা ডেলিভারি হয়নি। আবার চীনা J-10C ও J-16 এর মতো উন্নত যুদ্ধবিমান কেনার পরও সেগুলো পরিচালনায় সক্ষমতা অর্জনে কয়েক বছর সময় লাগবে।
তবে দীর্ঘপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে সেনা প্রশিক্ষণ দ্রুত সম্পন্ন করা সম্ভব, যা ইরানের বর্তমান দুর্বলতার জন্য একটি দ্রুত সমাধান হিসেবে কাজ করতে পারে। অন্যদিকে, আধুনিক যুদ্ধবিমান ও AEW&C সিস্টেমের পূর্ণ সক্ষমতা অর্জন করতে বহু বছর সময় লাগবে- যদি এতে পর্যাপ্ত বিনিয়োগ করা হয়।

