যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মার্কিন নৌবাহিনীর একটি অত্যাধুনিক এফ-৩৫সি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রাজ্যের লেমুর শহরে নৌবাহিনীর একটি এয়ার স্টেশনের কাছে বিস্তীর্ণ এক কৃষিজমিতে বিমানটি আছড়ে পড়ে। এরপর এতে বিস্ফোরণ ঘটে। তবে দুর্ঘটনার আগেই পাইলট ইজেক্ট করে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বিধ্বস্ত যুদ্ধবিমানটি স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন ভিএফ-১২৫ এর অন্তর্ভুক্ত ছিল। এটি মূলত একটি প্রশিক্ষণ ইউনিট, যেখানে নৌবাহিনীর শিক্ষানবীশ পাইলটদের যুদ্ধবিমান চালানোর জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। বিধ্বস্ত বিমানটি যিনি চালাচ্ছিলেন, তিনিও একজন প্রশিক্ষণার্থী পাইলট ছিলেন বলে জানা গেছে।
দুর্ঘটনাটি জনবসতিহীন একটি খোলা এলাকায় ঘটায় প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। কৃষিজমি ও আশপাশে কোনো ব্যক্তি উপস্থিত ছিলেন না। ফলে বিমান বিধ্বস্তের ফলে হতাহত হওয়ার আশঙ্কা ছিল না বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, বিধ্বস্ত যুদ্ধবিমানটি দাউ দাউ করে জ্বলছে এবং সেখান থেকে ঘন কালো ধোঁয়া উড়ছে। ভিডিওগুলো দ্রুতই ভাইরাল হয়ে যায় এবং এ নিয়ে নানা প্রতিক্রিয়া শুরু হয়।

নৌবাহিনীর বিবৃতিতে আরো বলা হয়েছে, যুদ্ধবিমানটি ভিএফ-১২৫ স্কোয়াড্রনের অংশ, যা ‘রাফ রেইডার্স’ নামে পরিচিত। এটি একটি ‘ফ্লিট রিপ্লেসমেন্ট স্কোয়াড্রন’, যার দায়িত্ব হচ্ছে পাইলট ও বিমান কর্মীদের নতুন প্রজন্মকে প্রস্তুত করা।
প্রসঙ্গত, বিধ্বস্ত হওয়া এফ-৩৫সি বিমানটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা লকহিড মার্টিন কোম্পানির তৈরি। এটি এফ-৩৫ লাইটেনিং ২ সিরিজের অংশ, যা বিশ্বের অন্যতম আধুনিক এবং কার্যকর স্টেলথ যুদ্ধবিমান হিসেবে পরিচিত। এক আসনবিশিষ্ট ও এক ইঞ্জিন চালিত এই যুদ্ধবিমানটি বর্তমানে যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক সামরিক প্রযুক্তির প্রতীক হিসেবে বিবেচিত।
লকহিড মার্টিনের বরাত দিয়ে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটির বর্তমান বাজারমূল্য প্রায় ১০ কোটি মার্কিন ডলার।
এফ-৩৫ বিধ্বস্ত হওয়ার কারণ এখনও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

