যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘পছন্দ’ করলেও ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন নিয়ে তিনি পুতিনের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “মেলানিয়া পুতিনকে পছন্দ করেন। যতবার পুতিনের সঙ্গে আমাদের দেখা হয়েছে, মেলানিয়া তার সঙ্গে চমৎকারভাবে মানিয়ে নিয়েছেন।”
তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে তার স্ত্রী হতাশ, এমন মন্তব্য করে ট্রাম্প বলেন, “সেদিন মেলানিয়া আমাকে বলছিলেন, রুশ বাহিনী প্রতিদিন কিয়েভে বোমাবর্ষণ করছে, শহরটিকে ধ্বংসস্তূপে পরিণত করছে। বিষয়টি তাকে ব্যথিত করেছে।”
গত ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার সময় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছিলেন ট্রাম্প। এরপর থেকেই তিনি দুই দেশের নেতার সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন এবং যুক্তরাষ্ট্র থেকে ইউক্রেনে অস্ত্র সহায়তা স্থগিত রাখেন।
তবে চলমান তৎপরতায় যুদ্ধ পরিস্থিতির কোনো অগ্রগতি না হওয়ায় ট্রাম্প এখন কঠোর অবস্থান নিয়েছেন। তিনি আবার ইউক্রেনে অস্ত্র বিক্রির অনুমতি দিয়েছেন এবং রাশিয়াকে যুদ্ধ বন্ধে আল্টিমেটাম দিয়েছেন।
প্রাথমিকভাবে এই আল্টিমেটামের মেয়াদ ছিল ৫০ দিন কিন্তু গত সপ্তাহে সেটি কমিয়ে ১০ দিনে নামিয়ে আনা হয়েছে। যদিও রাশিয়া বা ক্রেমলিন এখনও এই আল্টিমেটাম বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
মেলানিয়ার অতীত নিয়েও এই সময়ে নতুন করে আগ্রহ দেখা দিয়েছে। তিনি জন্মেছিলেন ১৯৭০ সালে তৎকালীন যুগোস্লাভিয়ার স্লোভেনিয়া অংশে। মাত্র ১৬ বছর বয়সে মডেলিং ক্যারিয়ার শুরু করেন, পরে প্যারিস ও মিলানে কাজ করেন এবং ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রে চলে আসেন। ১৯৯৮ সালে ট্রাম্পের সঙ্গে পরিচয় এবং ২০০৫ সালে তাদের বিয়ে হয়। এই দম্পতির একমাত্র সন্তান ব্যারন ট্রাম্প।
মেলানিয়া ট্রাম্প ইউক্রেনের প্রতি সহমর্মিতাপূর্ণ অবস্থান রাখেন বলে মার্কিন গণমাধ্যমের বিশ্লেষণে উঠে এসেছে।

