ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরেই এই স্বীকৃতি কার্যকর হতে পারে। এর আগেই একই ধরনের স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স।
তবে কানাডার এমন ঘোষণার পর পাল্টা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, কানাডা ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে তাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করা ‘খুব কঠিন‘ হয়ে পড়বে।
বুধবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “ওয়াও! কানাডা এখনই ঘোষণা করেছে যে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন দিচ্ছে। এটা আমাদের পক্ষে তাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করা খুব কঠিন করে তুলবে। ওহ্ কানাডা!”
এই সতর্কবার্তা এসেছে এমন সময়, যখন ট্রাম্প প্রশাসন ‘লিবারেশন ডে’ নামের নতুন শুল্কনীতি কার্যকর করতে যাচ্ছে। এই নীতির আওতায় যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের এখনো বাণিজ্য চুক্তি হয়নি, তাদের পণ্যের ওপর অধিক শুল্ক বসানো হবে।
ট্রাম্প জানিয়েছেন, ১ আগস্টের আগে যদি চুক্তি না হয়, তাহলে কানাডাসহ চীন ও মেক্সিকোর মতো দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। তবে যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, জাপান ও ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করায়, তাদের পণ্যে নির্ধারিত শুল্ক কার্যকর থাকবে।
এদিকে গাজা উপত্যকায় খাদ্য সংকট আরো প্রকট আকার ধারণ করেছে। বুধবার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অপুষ্টিজনিত কারণে সেখানে আরো সাতজন মারা গেছেন।
সপ্তাহের শুরুতে ট্রাম্প বলেন, “গাজায় মানুষ প্রকৃত অর্থেই অনাহারে ভুগছে” এবং তিনি ইসরায়েলের সঙ্গে মিলে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছেন। এই লক্ষ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ আজ ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

