যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, দীর্ঘ সময় ধরে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও আন্তর্জাতিক বাণিজ্যের প্রশ্নে দেশটি এখনো যুক্তরাষ্ট্রের শতভাগ মিত্র হয়ে ওঠেনি।
বুধবার ট্রাম্প প্রশাসন ভারতের রপ্তানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করার পরদিন (বৃহস্পতিবার) এক সাক্ষাৎকারে রুবিও এ মন্তব্য করেন বলে জানিয়েছেন সংবাদমাধ্যম ফক্স নিউজ।
সাক্ষাৎকারে ট্রাম্পের ‘ভারতের প্রতি অসন্তোষ’ প্রসঙ্গে রুবিও বলেন, “দেখুন, বৈশ্বিক বাণিজ্যের প্রেক্ষাপটে ভারত আমাদের বন্ধু ও কৌশলগত অংশীদার। তবে এই সম্পর্ক এখনও সম্পূর্ণ মিত্রতার পর্যায়ে পৌঁছায়নি।”
তিনি জানান, ভারতের কিছু ব্যবসায়িক নীতি ও কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের জন্য ‘জ্বালা-যন্ত্রণা’র কারণ হয়ে উঠেছে। ভারতের জ্বালানি চাহিদা উল্লেখ করে রুবিও বলেন, “এটা সত্যি যে ভারত বড় দেশ এবং তুলনামূলকভাবে বেশি তেল, গ্যাস ও কয়লার প্রয়োজন হয়। আন্তর্জাতিক বাজার থেকে প্রচলিত দামে সেই জ্বালানি কেনার সক্ষমতাও তাদের আছে।”
তবে রুবিও অভিযোগ করেন, ভারত তা করছে না। বরং দেশটি নিষেধাজ্ঞার আওতায় থাকা সস্তা রাশিয়ান তেল কিনছে এবং কখনও কখনও সেই তেল উচ্চ দামে আন্তর্জাতিক বাজারে বিক্রিও করছে।
রুবিও বলেন, “এটা দুর্ভাগ্যজনক। প্রেসিডেন্ট ট্রাম্প এ বিষয়ে হতাশ। কারণ ভারতের এই নীতি পরোক্ষভাবে রাশিয়ার যুদ্ধ মেশিনকে টিকিয়ে রাখতে সাহায্য করছে।”

