রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। ৩১ জুলাই বৃহস্পতিবার রাত থেকে ১ আগস্ট শুক্রবার ভোর পর্যন্ত টানা হামলায় নিহত হয়েছেন অন্তত ৩১ জন। আহত হয়েছেন আরো ১৫০ জন। নিহতদের মধ্যে ১৬ জনই শিশু ও অপ্রাপ্তবয়স্ক, যাদের মধ্যে সবচেয়ে কম বয়সী শিশুটির বয়স ছিল মাত্র দুই বছর।
রুশ বাহিনীর এই ভয়াবহ আক্রমণে ধ্বংস হয়েছে শতাধিক আবাসিক ভবন, শিক্ষা ও চিকিৎসা প্রতিষ্ঠান। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় এ তথ্য জানিয়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ হয়নি বলে উল্লেখ করে তিনি জানান, ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকে থাকতে পারেন।
ধ্বংসস্তূপ থেকে উদ্ধার তৎপরতা চলছে বলে নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। রাজধানী কিয়েভের একটি ৯ তলা ভবনের বড় অংশ সম্পূর্ণ ধসে পড়েছে। এতে উদ্ধারকাজ আরও জটিল হয়ে পড়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা।
এই ঘটনায় শনিবার জাতীয় শোক ঘোষণা করেছে ইউক্রেন সরকার। এটি রুশ বাহিনীর দ্বারা কিয়েভে চালানো দ্বিতীয় বৃহত্তম হামলা হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে ২০২৩ সালের জুলাই মাসে আরেকটি বড় হামলায় ৩৩ জন প্রাণ হারিয়েছিলেন।
রুশ বাহিনী ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রায় সামরিক অভিযান শুরু করে। সেই সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, কেবল সামরিক স্থাপনাগুলোকেই লক্ষ্যবস্তু করা হবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। কিয়েভে প্রথম হামলা চালানো হয় ২০২২ সালের অক্টোবরে- যেটি ছিল রাজধানীর ওপর রাশিয়ার প্রথম প্রত্যক্ষ আক্রমণ।
শুক্রবার দেওয়া আরেক টেলিগ্রাম বার্তায় জেলেনস্কি জানান, সদ্য সমাপ্ত জুলাই মাসে ইউক্রেনজুড়ে রাশিয়া নিক্ষেপ করেছে ৫ হাজার ১০০টিরও বেশি গ্লাইড বোমা, ৩ হাজার ৮০০ শাহেদ ড্রোন এবং প্রায় ২৬০টি ক্ষেপণাস্ত্র, যার মধ্যে ১২৮টি ছিল ব্যালিস্টিক। এই ধারাবাহিক হামলা ইউক্রেনজুড়ে উদ্বেগ ও আতঙ্ক আরো বাড়িয়ে তুলেছে।

