মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির (এএ) নিপীড়ন আরো ভয়াবহ রূপ নিয়েছে। কেবল বসতবাড়ি, চলাফেরা বা খাদ্য নয়—এবার দখলে নেওয়া হয়েছে কবরস্থানও। হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, রাখাইনে রোহিঙ্গাদের কবরস্থান ধ্বংস করে এখন তাদের বাধ্য করা হচ্ছে ধানক্ষেতে মৃতদেহ দাফন করতে।
বুথিডংয়ের কিন টং গ্রামের দুই রোহিঙ্গা বাসিন্দা এইচআরডব্লিউকে জানিয়েছেন, চলতি বছরের মে মাসে আরাকান আর্মি পুরো কবরস্থানটিই গুঁড়িয়ে দিয়েছে। এরপর স্থানীয়দের স্পষ্টভাবে জানানো হয়েছে- কবর দেওয়ার জন্য আর কোনো নির্ধারিত জায়গা নেই, মৃতদেহগুলো ধানক্ষেতে মাটি চাপা দিতে হবে।
এইচআরডব্লিউ-এর তথ্যে উঠে এসেছে, আরাকান আর্মির দখলে থাকা এলাকাগুলোতে রোহিঙ্গাদের ওপর নানা ধরনের নিপীড়ন চালানো হচ্ছে। এর মধ্যে রয়েছে চলাচলে কঠোর নিয়ন্ত্রণ, বাড়িঘর লুট, নির্বিচারে আটকের পাশাপাশি অপমানজনক আচরণ। এ ছাড়া রোহিঙ্গাদের বাধ্যতামূলকভাবে শ্রমে নিয়োগ ও জোরপূর্বক সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করার ঘটনাও ঘটছে।
এইচআরডব্লিউ-এর এশিয়া অঞ্চলের পরিচালক এলেইন পিয়ারসন বলেন, “আরাকান আর্মির এই আচরণ মিয়ানমার সেনাবাহিনীর পুরোনো দমননীতি অনুকরণ ছাড়া কিছু নয়।” তিনি সংগঠনটিকে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার আহ্বান জানান।
উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে মিয়ানমারে সংঘাতের নতুন ঢেউ শুরু হয়। এরপর থেকেই আরাকান আর্মি জান্তা সরকারের কিছু এলাকা দখলে নেয় এবং অন্তর্ভুক্তিমূলক শাসনের প্রতিশ্রুতি দেয়। তবে বাস্তবতা ভিন্ন। রোহিঙ্গারা বলছেন, এখনো তারা খাদ্য সংকট, চিকিৎসা সংকট এবং চলাচলের কঠোর বিধিনিষেধের মধ্য দিয়ে জীবন কাটাচ্ছেন। অনেককে জীবনধারণের জন্য ভিক্ষা করতেও বাধ্য হতে হচ্ছে।
এইচআরডব্লিউ আরো জানিয়েছে, রাখাইন রাজ্যে রোহিঙ্গারা এখন দুইটি নিপীড়ক শক্তির মাঝে আটকে পড়েছেন—মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মি। দুই পক্ষই তাদের ওপর চালাচ্ছে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ এবং বেআইনিভাবে বাহিনীতে অন্তর্ভুক্ত করার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘন।
বিশেষজ্ঞদের মতে, এই যুদ্ধ পরিস্থিতি এবং রোহিঙ্গা ও রাখাইনদের জোর করে অস্ত্র ধরতে বাধ্য করায় দুই সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা ভয়াবহ রূপ নিয়েছে। ফলে, শান্তির পরিবর্তে এখন পুরো রাখাইন রাজ্য পরিণত হয়েছে সংঘাত ও মানবিক বিপর্যয়ের এক দীর্ঘস্থায়ী কেন্দ্রে।

