মেদভেদেভের ‘উসকানিমূলক’ মন্তব্যের জবাব—
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের ‘উসকানিমূলক’ মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়ায় রাশিয়ার জলসীমার কাছাকাছি পরমাণু অস্ত্রবাহী দুইটি সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি সাবেক রুশ প্রেসিডেন্টকে ভবিষ্যতে শব্দ ব্যবহারে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানে রাশিয়ান ফেডারেশনের নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভের সাম্প্রতিক উচ্চমাত্রার উসকানিমূলক বিবৃতির পরিপ্রেক্ষিতে আমি উপযুক্ত এলাকায় দু’টি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছি।”
দিমিত্রি মেদভেদেভ ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন। তার আগে দুই মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ এই রাজনীতিক পশ্চিমবিরোধী অবস্থানের জন্য পরিচিত। সাম্প্রতিক সময়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে একাধিকবার যুক্তরাষ্ট্র ও ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন।
গত মাসের মাঝামাঝি প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেন, ইউক্রেন যুদ্ধে অবসান চেয়ে রাশিয়াকে ৫০ দিনের আল্টিমেটাম দিচ্ছেন তিনি। পরে গত সপ্তাহে তিনি সময়সীমা কমিয়ে ১০ থেকে ১২ দিনে আনেন। ট্রাম্পের এই ঘোষণার জবাবে মেদভেদেভ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় কটাক্ষ করে বলেন, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে আল্টিমেটামের খেলা খেলতে চাইছেন। কিন্তু আমাদের এসব নাটুকে বার্তাকে পাত্তা দেওয়ার সময় নেই। প্রতিটি নতুন আল্টিমেটাম মানেই যুদ্ধের দিকে আরো একধাপ এগিয়ে যাওয়া।”
এই মন্তব্যের জবাবে ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, “আমি তাকে (মেদভেদেভ) বলতে চাই, উসকানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের ফল হতে পারে ভয়াবহ। কারণ শব্দের গুরুত্ব অপরিসীম, আর ভুল শব্দ পরিস্থিতিকে অনাকাঙ্ক্ষিত দিকে নিয়ে যেতে পারে। আমি আশা করি আমাদের মধ্যে এমন কিছু ঘটবে না।”
একই দিন হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “একটি হুমকি এসেছে, যা আমাদের কাছে যথেষ্ট উদ্বেগজনক মনে হয়েছে। তাই সতর্কতা হিসেবে আমি এই নির্দেশ দিয়েছি। মার্কিন জনগণের নিরাপত্তার কথা মাথায় রেখেই পরমাণুবাহী সাবমেরিন মোতায়েনের সিদ্ধান্ত নিতে হয়েছে। রাশিয়ার সাবেক প্রেসিডেন্টের দেওয়া ওই হুমকির ভিত্তিতেই আমি এ পদক্ষেপ নিয়েছি এবং আমাদের জনগণকে রক্ষার বিষয়টি নিশ্চিত করব।”
তবে সাবমেরিন দুটি ঠিক কোথায় মোতায়েন করা হয়েছে বা রাশিয়ার জলসীমা থেকে কতদূরে অবস্থান করছে— এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেননি মার্কিন প্রেসিডেন্ট। তিনি শুধু জানান, সাবমেরিনগুলো যে কোনো মুহূর্তে অভিযান চালাতে প্রস্তুত রয়েছে।
এদিকে মেদভেদেভের মন্তব্য ও ট্রাম্পের প্রতিক্রিয়ার বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন আনুষ্ঠানিকভাবে এখনও কোনো বিবৃতি দেয়নি। তবে রুশ সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, ট্রাম্পের সাবমেরিন মোতায়েনের ঘোষণার পরপরই রাশিয়ার শেয়ারবাজারে বড় ধরনের দরপতন হয়েছে।

