অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষুধার্ত মানুষের জন্য আকাশপথে খাবার পাঠিয়েছে ছয়টি দেশ। শুক্রবার (১ আগস্ট) ফ্রান্স, জার্মানি, স্পেন, মিসর, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাতের সহযোগিতায় মোট ১২৬টি ত্রাণ প্যাকেজ বিমান থেকে ফেলা হয়।
দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, এই ছয়টি দেশকে তারা শুক্রবার গাজায় বিমান থেকে ত্রাণ ফেলার অনুমতি দেয়। তবে গাজার যে বিপুল জনগোষ্ঠী প্রতিদিন খাদ্য সংকটে ভুগছে, তাদের প্রয়োজনের তুলনায় ১২৬টি প্যাকেজ একেবারেই সামান্য।
জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক দাতব্য সংস্থা ইউনরার প্রধান ফিলিপ লাজ্জারিনি এ পদ্ধতিকে অকার্যকর ও অপর্যাপ্ত বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘‘একটি ট্রাকে গাজায় সহায়তা পাঠাতে যে খরচ হয়, বিমান ব্যবহার করলে তা ১০০ গুণ বেড়ে যায়। এছাড়া একটি ট্রাক যতখানি ত্রাণ বহন করতে পারে, বিমান থেকে ফেলার মাধ্যমে তার অর্ধেকও বহন করা যায় না।’’
ফিলিপ লাজ্জারিনি আরো বলেন, ‘‘গাজার আকাশে ত্রাণ ছোঁড়ার যে রাজনৈতিক সদিচ্ছা রয়েছে, তা যেন স্থলপথে ত্রাণ প্রবেশের ক্ষেত্রেও কার্যকর হয়।’’
তিনি জানান, গাজা সীমান্তে বর্তমানে ৬ হাজারের বেশি ট্রাক অপেক্ষা করছে, যেগুলো খাদ্য, ওষুধ এবং অন্যান্য জরুরি সহায়তা বহন করছে কিন্তু ইসরায়েলের কড়াকড়ি ও প্রত্যেকটি ট্রাক যাচাই করার নীতির কারণে সেগুলো ঢুকতে পারছে না।
এদিকে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার গ্রুপগুলো গাজায় ত্রাণ প্রবেশের জন্য নিরাপদ করিডোরের দাবি জানালেও ইসরায়েল এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।

