জম্মু-কাশ্মিরের কুলগাম জেলার আখাল এলাকার পাহাড়ি অঞ্চলে নতুন করে সামরিক অভিযান শুরু করেছে ভারতীয় সেনা ও পুলিশ বাহিনী। ‘অপারেশন আখাল’ নামের এই অভিযানে ইতোমধ্যে একজন ‘বিচ্ছিন্নতাবাদী জঙ্গি’ নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
চিনার কর্পসের এক কর্মকর্তা বলেন, শুক্রবার রাতে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আখালের পাহাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্ত্রাসীরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালালে পাল্টা গুলি চালায় বাহিনী। রাতভর গোলাগুলির পর শনিবার সকালে এক জঙ্গির লাশ উদ্ধার করা হয়। তবে নিহতের নাম বা পরিচয় প্রকাশ করা হয়নি।
ভারতীয় সেনাবাহিনীর জম্মু-কাশ্মির কমান্ডের অধীন চিনার কর্পস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে অভিযানের তথ্য নিশ্চিত করেছে।
মাত্র চার দিন আগে একই অঞ্চলের দাচিগামে ‘অপারেশন মহাদেব’ পরিচালনা করে ভারতীয় বাহিনী। সেই অভিযানে পাকিস্তানি নাগরিক বলে দাবি করা তিন লেট সদস্য— সুলেমান, আবু হামজা ও ইয়াসির নিহত হয়েছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেন, এদের কাছ থেকে পাকিস্তানি পরিচয়পত্র উদ্ধার হয়েছে এবং তাদের ফরেনসিক নমুনা পেহেলগামের হামলায় ব্যবহৃত নমুনার সঙ্গে মিলেছে।
এছাড়া ৩১ জুলাই জম্মু-কাশ্মিরের পুঞ্চ জেলার সীমান্ত এলাকায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী আরও দু’জন সন্দেহভাজন লেট সদস্যকে গুলি করে হত্যা করে। পুলিশ জানিয়েছে, তারাও পাকিস্তানি নাগরিক ছিলেন এবং ভারতের ভূখণ্ডে প্রবেশের পরপরই তারা নিহত হন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের এসব দাবিকে ‘সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা’ আখ্যা দিয়ে বলেছে, ভারত নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য পূরণে উপমহাদেশের স্থিতিশীলতা নষ্ট করছে।

