ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সামরিক সহিংসতায় ব্যবহারের আশঙ্কায় ইসরায়েলের ওপর অস্ত্র রপ্তানির নিষেধাজ্ঞা বহাল রেখেছে কানাডা। দেশটির সরকার বলছে, গাজায় ব্যবহারের সম্ভাব্যতা থাকায় এমন কোনও সামরিক উপাদান রপ্তানির জন্য ২০২৪ সালের জানুয়ারি থেকে আর কোনও নতুন লাইসেন্স অনুমোদন করা হয়নি।
শনিবার (২ আগস্ট) এক বিবৃতিতে কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “গাজায় ব্যবহৃত হতে পারে- এমন সামরিক পণ্যের লাইসেন্স আমরা ২০২৪ সালের শুরুতেই স্থগিত করেছি এবং এখনও তা স্থগিতই রয়েছে। কোনো অনুমোদন দেওয়া হয়নি।”
এর আগে ২৯ জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, কানাডা থেকে এখনো ইসরায়েলে অস্ত্র পাঠানো হচ্ছে। এই প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আনন্দ স্পষ্ট করে বলেন, “প্রতিবেদনের অনেক দাবি বিভ্রান্তিকর এবং বাস্তবতা বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।”
তিনি ব্যাখ্যা করে বলেন, “প্রতিবেদনে যেগুলোকে গুলি বলা হয়েছে, সেগুলো আসলে পেইন্টবল ধাঁচের। এগুলোর সঙ্গে এমন যন্ত্রও ছিল, যা আগ্নেয়াস্ত্রকে সাধারণ গোলাবারুদ ব্যবহারে অকার্যকর করে তোলে। এগুলো যুদ্ধক্ষেত্রে ব্যবহারের উপযোগী নয়। যদি কেউ এমন কিছু ব্যবহারের চেষ্টা করে, তা হলেও সেটির জন্য লাইসেন্স লাগবে- আর সেই লাইসেন্স কখনোই দেওয়া হতো না।”
এছাড়া তিনি জানান, নিষেধাজ্ঞা আরোপের আগেই কোনও কানাডীয় কোম্পানি ইসরায়েলে মর্টার সরবরাহ করেনি- সরাসরি বা পরোক্ষভাবে কোনও উপায়ে নয়। কানাডা সরকারের অবস্থান যথেষ্ট কঠোর জানিয়ে তিনি বলেন, বৈধ লাইসেন্স ছাড়া কেউ সামরিক সরঞ্জাম রপ্তানি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অপরাধে জরিমানা, পণ্য জব্দ এবং ফৌজদারি অভিযোগ পর্যন্ত আনা হতে পারে।
আনন্দ জোর দিয়ে বলেন, “আমরা কখনোই চাই না কানাডায় তৈরি অস্ত্র এই সংঘাতে ব্যবহৃত হোক।”
প্রসঙ্গত, গত ২৯ জুলাই চারটি এনজিও- ওয়ার্ল্ড বিয়ন্ড ওয়্যার, ফিলিস্তিনি যুব আন্দোলন, কানাডিয়ানস ফর জাস্টিস অ্যান্ড পিস ইন দ্য মিডল ইস্ট এবং ইনডিপেনডেন্ট জিউিশ ভয়েসেস- একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে ইসরায়েলি ট্যাক্স কর্তৃপক্ষের তথ্যে উদ্ধৃত দিয়ে দাবি করা হয়, ‘মিলিটারি ওয়েপন পার্টস ও অ্যামুনিশন’ নামের সামগ্রী এখনো কানাডা থেকে ইসরায়েলে পাঠানো হচ্ছে।
ওই প্রতিবেদনে বাণিজ্যিক শিপমেন্টের কাগজপত্র উপস্থাপন করে সংগঠনগুলো দাবি করে, বাস্তবে কানাডা সরকার অস্ত্র নিষেধাজ্ঞা কার্যকর রাখেনি।
মঙ্গলবার অটোয়ায় এক সংবাদ সম্মেলনে ফিলিস্তিনি যুব আন্দোলনের মুখপাত্র ইয়ারা শুফানি বলেন, “এই তথ্য প্রমাণ করে, কানাডা সরকারের অস্বীকার সত্ত্বেও দেশটি ইসরায়েলকে বাস্তবিক সহায়তা দিচ্ছে।”

