ইউক্রেনে এক পার্লামেন্ট সদস্য ও কয়েকজন সরকারি কর্মকর্তাকে ড্রোনসহ বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম কেনার সময় বড় ধরনের ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। দেশের দুর্নীতিবিরোধী সংস্থাগুলো এই কেলেঙ্কারির তথ্য উদ্ঘাটন করেছে।
দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানান, একজন পার্লামেন্ট সদস্য, জেলা ও নগর প্রশাসনের কয়েকজন প্রধান এবং ন্যাশনাল গার্ডের কিছু সদস্য এই দুর্নীতিতে জড়িত থাকার প্রমাণ মিলেছে। তারা সরকারের পক্ষ থেকে সরবরাহকারীদের সঙ্গে যুদ্ধ সরঞ্জামের চুক্তি করার সময় প্রকৃত দামের চেয়ে সর্বোচ্চ ৩০ শতাংশ বেশি মূল্য দেখিয়েছিলেন।
জেলেনস্কি আরো বলেন, ইউক্রেনে দুর্নীতি সহ্য করা হবে না। তিনি দুর্নীতিবিরোধী সংস্থাগুলোর কার্যক্রমের জন্য তাদের ধন্যবাদ জানান।
দেশজুড়ে বিক্ষোভের পর গত বৃহস্পতিবার ইউক্রেনের দুর্নীতিবিরোধী সংস্থাগুলোকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ ফিরিয়ে দেওয়া হয়। এর পরই ড্রোন ও ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম কেনায় দুর্নীতির খবর প্রকাশ পায়।
সম্প্রতি জেলেনস্কির সরকার পার্লামেন্টে একটি বিল উত্থাপন করে, যা ব্যাপক বিরোধিতার মুখে পড়ে। ওই বিলটিতে দেশের জাতীয় দুর্নীতিবিরোধী ব্যুরো ও বিশেষ দুর্নীতিবিরোধী কৌঁসুলির কার্যালয়ের স্বাধীন কাজের সুযোগ বাতিলের প্রস্তাব ছিল।
জেলেনস্কি অভিযোগ করেছিলেন, এসব সংস্থার ওপর রাশিয়ার প্রভাব রয়েছে এবং তা দূর করতে হবে। তিনি চাইছিলেন, উচ্চপর্যায়ের দুর্নীতির মামলায় অভিযুক্ত নির্ধারণের ক্ষমতা সাধারণ কৌঁসুলির হাতে থাকা উচিত।
বিলটির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়। এটি ২০২২ সালে রাশিয়ার হামলার পর ইউক্রেনে হওয়া সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভের একটি।
জনগণের চাপের কারণে জেলেনস্কি নতুন একটি বিল উত্থাপন করেন, যা আগের ব্যুরো ও কার্যালয়ের স্বাধীনতা ফিরিয়ে দেয়। আগের বিল পাস হওয়ার মাত্র ৯ দিনের মধ্যে নতুন বিল পার্লামেন্টে পাস হয়।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা শাখার প্রধান কিরিলো বুদানভ জেলেনস্কিকে ‘জনগণের কথা শোনা’ এবং দুর্নীতিবিরোধী সংস্থাগুলোর ক্ষমতা রক্ষার জন্য ধন্যবাদ জানিয়েছেন।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) মিত্র দেশগুলোও জেলেনস্কির এ পদক্ষেপের প্রশংসা করেছে এবং আগের বিল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল।
ইউক্রেনের ইইউতে যোগদানের প্রচেষ্টায় দুর্নীতিবিরোধী লড়াই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ২০১৪ সালে ইউরোপীয় কমিশন ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর শর্ত অনুযায়ী ইউক্রেন এই দুটি স্বাধীন সংস্থা গঠন করে।
২০২২ সালে ইউক্রেনকে ইইউর প্রার্থী সদস্যপদ দেওয়া হয়, যা দেশের পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্কের আরেক ধাপ।
প্রতিষ্ঠার পর থেকে ওই দুটি সংস্থা বিভিন্ন মন্ত্রণালয় ও খাতে কোটি কোটি ডলারের দুর্নীতির ঘটনার তদন্ত করেছে এবং ব্যাপক অনিয়মের প্রমাণ পেয়েছে।
২০২৩ সালে এক যৌথ তদন্তে ইউক্রেনের সুপ্রিম কোর্টের প্রধান ভসেভোলোদ কনিয়াজিয়েভকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ৩০ লাখ ডলারের ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে।

