যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি সত্ত্বেও রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রাখবে ভারত- এমনটিই জানিয়েছেন দেশটির দুই শীর্ষ সরকারি কর্মকর্তা। বিষয়টির সংবেদনশীলতা বিবেচনায় তাঁরা পরিচয় প্রকাশে আগ্রহী ছিলেন না। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স শনিবার এসব তথ্য প্রকাশ করেছেন।
ট্রাম্প সম্প্রতি ভারতের রপ্তানির ওপর ২৫ শতাংশ নতুন শুল্ক আরোপের ঘোষণা দেন। পাশাপাশি ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে সতর্ক করে বলেন, রাশিয়ার কাছ থেকে অস্ত্র বা জ্বালানি কিনলে ভারতকে বাড়তি শাস্তির সম্মুখীন হতে হবে। এমনকি শুক্রবার তিনি সাংবাদিকদের জানান, তাঁর কাছে তথ্য রয়েছে যে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে যাচ্ছে।
তবে ভারতীয় কর্মকর্তারা স্পষ্ট করেছেন, নয়াদিল্লি এমন কোনো সিদ্ধান্ত নেয়নি। তাঁদের একজন বলেন, “এই চুক্তিগুলো দীর্ঘমেয়াদি, রাতারাতি তা বন্ধ করা যায় না।”
আরেক কর্মকর্তা বলেন, “রাশিয়া থেকে তেল আমদানির ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখা গেছে, যা পশ্চিমা নিষেধাজ্ঞার পরও মূল্যবৃদ্ধি প্রতিরোধে সহায়ক হয়েছে।”
তিনি আরো জানান, রাশিয়ার তেল ইরান বা ভেনেজুয়েলার মতো সরাসরি নিষেধাজ্ঞার আওতায় পড়ে না এবং ভারত ইউরোপীয় ইউনিয়নের নির্ধারিত মূল্যের সীমার নিচেই তেল কিনছে।
মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস-ও শনিবার ভারতীয় দুই শীর্ষ কর্মকর্তার বরাতে জানিয়েছে, রাশিয়ার সঙ্গে তেল বাণিজ্যে ভারতের নীতিতে কোনো পরিবর্তন আসেনি।
রয়টার্স জানায়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদমাধ্যমটির মন্তব্য অনুরোধে সাড়া দেয়নি, তবে শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, “রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ, নির্ভরযোগ্য এবং দৃঢ়। জ্বালানি চাহিদা পূরণে আমরা বাজার পরিস্থিতি, অফার ও বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় সিদ্ধান্ত নিই।”
বর্তমানে রাশিয়া ভারতের প্রধান অপরিশোধিত তেল সরবরাহকারী। বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক ও ভোক্তা দেশ ভারতের প্রায় ৩৫ শতাংশ অপরিশোধিত তেল আসে রাশিয়া থেকে। ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ভারত গড়ে প্রতিদিন ১৭ লাখ ৫০ হাজার ব্যারেল রাশিয়ান তেল আমদানি করেছে, যা আগের বছরের তুলনায় ১ শতাংশ বেশি।
তবে সাম্প্রতিক তথ্য অনুযায়ী, জুলাই মাসে রাশিয়ার মূল্যছাড় কমে যাওয়ায় ভারতের রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগারগুলো আপাতত রাশিয়ান তেল কেনা বন্ধ রেখেছে।
রয়টার্স অনুসারে, তাদের সঙ্গে যুক্ত সূত্রগুলো জানিয়েছে, ইন্ডিয়ান অয়েল করপোরেশন (আইওসি), হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন (এইচপিসিএল), ভারত পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসিএল) ও ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল লিমিটেড (এমআরপিএল) গত এক সপ্তাহে রাশিয়ার তেলের কোনো নতুন চালান চায়নি।

