স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আগ পর্যন্ত অস্ত্র ত্যাগের প্রশ্নই ওঠে না- এমন সুস্পষ্ট অবস্থান জানিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। গাজায় যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনায় ইসরায়েলের নিরস্ত্রীকরণের দাবির জবাবে এই মন্তব্য আসে। আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ দাবি করেছিলেন, হামাস নাকি তাদের অস্ত্র পরিত্যাগে রাজি হয়েছে। হামাস সেই দাবি প্রত্যাখ্যান করে বলেছে, তারা প্রতিরোধ ও অস্ত্রধারণের অধিকার থেকে সরে আসবে না, যতক্ষণ না জেরুজালেমকে রাজধানী করে একটি পূর্ণাঙ্গ সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।
এক বিবৃতিতে হামাস জানায়, “সত্যিকারের রাষ্ট্র প্রতিষ্ঠার পূর্বে কোনো প্রতিরোধ বাহিনী তাদের অস্ত্র ছেড়ে দেয় না। স্বাধীনতা অর্জনই প্রথম শর্ত।”
ইসরায়েল হামাসের নিরস্ত্রীকরণকে যুদ্ধবিরতি ও গাজা সংকট নিরসনের প্রধান শর্ত হিসেবে বিবেচনা করছে। তবে গত সপ্তাহে ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা স্থগিত হয়ে যায়।
এদিকে আরব বিশ্বের একাধিক দেশও হামাসকে গাজা থেকে সরে গিয়ে নিরস্ত্রীকরণের আহ্বান জানিয়েছে। একই সময়ে ফ্রান্স ও কানাডা একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছে। যুক্তরাজ্য জানিয়েছে, সেপ্টেম্বরে ইসরায়েল নির্ধারিত শর্ত না মানলে তারাও ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে।
উল্লেখযোগ্য যে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।

