চীন ও পাকিস্তানের উদ্যোগে গড়ে ওঠা সিল্ক রোডে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার মতে, পাকিস্তানকে কেন্দ্র করে এই রোডে যুক্ত হওয়ার বাস্তব সুযোগ রয়েছে ইরানের সামনে। এ ছাড়া দুই দেশের মধ্যে সীমান্ত বাণিজ্য, বাজার সম্প্রসারণ ও পরিবহন খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পরিকল্পনাও তুলে ধরেছেন তিনি।
রোববার (৩ আগস্ট) এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। তিনি পাকিস্তানি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে ইসলামাবাদে যাওয়ার আগে তেহরানে সাংবাদিকদের সামনে বক্তব্য দেন।
ইরানের মেহর নিউজ এজেন্সির বরাতে সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল এ তথ্য জানিয়েছে।
পেজেশকিয়ান বলেন, “পাকিস্তানের মাধ্যমে আমরা চীন-পাকিস্তান সিল্ক রোডে সংযুক্ত হতে পারি, আর এই রোড ইরানের মাধ্যমে ইউরোপ পর্যন্ত বিস্তৃত হতে পারে।”
তিনি আরো জানান, বর্তমানে তেহরান ও ইসলামাবাদের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ইতিবাচক। এবারের সফরের অন্যতম উদ্দেশ্য হলো এই সম্পর্ককে ১০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা।
দীর্ঘদিনের ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় সম্পর্কের কথা উল্লেখ করে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, দুই দেশের মধ্যে অর্থনীতি, বিজ্ঞান, সংস্কৃতি, শিল্প ও সীমান্ত সহযোগিতা রয়েছে। একই সঙ্গে দুই দেশের জনগণের মধ্যে আদর্শিক বন্ধনও বিদ্যমান বলে তিনি মন্তব্য করেন।
আঞ্চলিক পরিস্থিতি প্রসঙ্গে ইরানের প্রেসিডেন্ট জানান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপের বিরুদ্ধে পাকিস্তান যে কঠোর অবস্থান নিয়েছে তা প্রশংসনীয়। ইরানের ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় পাকিস্তান পার্লামেন্টের ভূমিকার প্রশংসা করেন তিনি। মুসলিম বিশ্বের ঐক্যের ওপরও গুরুত্বারোপ করে পেজেশকিয়ান বলেন, বাইরের শক্তিগুলো মুসলিম দেশগুলোর মধ্যে বিভক্তি তৈরির অপচেষ্টা করছে, যার বিপরীতে পাকিস্তানের সঙ্গে ঐক্য গড়ার অঙ্গীকারে অটল রয়েছে ইরান।
পরে প্রেসিডেন্ট পেজেশকিয়ান পাকিস্তানে পৌঁছালে লাহোর বিমানবন্দরে তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়। শিশুরা তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) প্রধান নওয়াজ শরিফ ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ তাকে বিমানবন্দরে স্বাগত জানান। তারা তিনজন একসঙ্গে একই গাড়িতে বিমানবন্দর ত্যাগ করেন।
এই সফর উপলক্ষে আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দর ইরান ও পাকিস্তানের পতাকা দিয়ে সজ্জিত করা হয়। সফরসঙ্গী হিসেবে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিসহ একাধিক মন্ত্রী ও উচ্চপর্যায়ের কর্মকর্তা।
পাকিস্তানে প্রেসিডেন্ট হিসেবে এটিই মাসুদ পেজেশকিয়ানের প্রথম সরকারি সফর। সফরকালে তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে সাক্ষাৎ করবেন এবং প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করবেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই সফরের মধ্য দিয়ে দুই দেশের ভ্রাতৃসুলভ সম্পর্ক আরও জোরদার হবে।

