ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলার মাত্রা নতুন এক রেকর্ডে পৌঁছেছে সদ্যসমাপ্ত জুলাই মাসে। এ মাসে রাশিয়া ইউক্রেনের ওপর ছুড়েছে ছয় হাজারেরও বেশি ড্রোন, যা ২০২২ সালে পূর্ণমাত্রায় আগ্রাসন শুরুর পর এক মাসে সর্বোচ্চ হামলার ঘটনা।
এই তথ্য নিশ্চিত করেছে বার্তাসংস্থা এএফপি এবং কিয়েভ ইনডিপেনডেন্ট- যাদের বরাতে প্রতিবেদন প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, এই বিপুল সংখ্যক ড্রোন হামলার ফলে বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন, ধ্বংস হয়েছে আবাসিক ভবন, একটি কিন্ডারগার্টেন ও একটি অ্যাম্বুলেন্সসহ নানা অবকাঠামো।
এএফপির প্রতিবেদন অনুসারে, ইউক্রেনের বিমান বাহিনীর দেওয়া তথ্য বলছে, গত জুলাই মাসে রাশিয়া ছুড়েছে ৬ হাজার ২৯৭টি দূরপাল্লার ড্রোন, যা জুন মাসের তুলনায় ১৬ শতাংশ বেশি। অন্যদিকে কিয়েভ ইনডিপেনডেন্ট জানিয়েছে, শুধু ‘শাহেদ’ ড্রোনই ছোড়া হয়েছে ৬ হাজার ১২৯টি- যা ২০২৩ সালের জুলাইয়ের তুলনায় ১৪ গুণ বেশি। সে সময় এই ধরনের ড্রোন ব্যবহার হয়েছিল মাত্র ৪২৩টি।
ইউক্রেনীয় বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত বলেন, প্রকৃত হামলার সংখ্যা আরো বেশি হতে পারে, কারণ সব পরিসংখ্যান অনুমানভিত্তিক।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শুধুমাত্র ৯ জুলাই রাতেই রাশিয়া ইউক্রেনের পশ্চিমাঞ্চলে ছুড়ে ৭৪১টি ড্রোন ও ডিকয়- যা গত বছরের পুরো জুলাই মাসের তুলনায় বেশি। ওই রাতের হামলায় সুমি, দোনেৎস্ক ও খেরসন অঞ্চলে অন্তত আটজন নিহত হন। যদিও ইউক্রেনীয় বাহিনী ওই হামলার ১০টি বাদে সব ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়।
এই ভয়াবহ হামলার ঠিক আগের দিন, ৮ জুলাই, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন- তার প্রশাসন ইউক্রেনকে আরো প্রতিরক্ষামূলক অস্ত্র সরবরাহ করবে। এর আগে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন অস্ত্রের ঘাটতির কথা জানিয়ে কিছু সরবরাহ বন্ধ রেখেছিল।
ট্রাম্প বলেন, “তাদের নিজেদের রক্ষার সামর্থ্য থাকতে হবে।” তিনি জানান, ইউরোপীয় মিত্ররা ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক রেথিয়ন কোম্পানির তৈরি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অর্থায়ন করবে।
ড্রোন হামলা থেমে থাকেনি জুলাইয়ের শেষ দিন পর্যন্তও। ৩১ জুলাই কিয়েভে চালানো এক হামলায় নিহত হন অন্তত ৩১ জন, যাদের মধ্যে পাঁচটি শিশু। আহত হয়েছেন আরো ১৫৯ জন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ওই হামলায় রাশিয়া ৩০০টিরও বেশি ড্রোন এবং আটটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
এএফপি জানিয়েছে, জুলাইয়ে রাশিয়া ইউক্রেনের দিকে ছুড়েছে ১৯৮টি ক্ষেপণাস্ত্র- যা ২০২৪ সালের জুন ছাড়া অন্য যেকোনো মাসের তুলনায় বেশি। কিয়েভ ইনডিপেনডেন্টের তথ্য অনুযায়ী, জুন মাসে রাশিয়া ড্রোন ছুড়েছিল মোট ৫ হাজার ৩৩৭টি। ওই মাসে ৯ জুন একদিনেই ছোড়া হয় ৪৭৯টি ড্রোন। তার আগেই ইস্তাম্বুলে অনুষ্ঠিত বৈঠকে রাশিয়া ও ইউক্রেন বন্দি বিনিময়ে সম্মত হয়।
চলতি আগস্ট মাসে তুরস্কে শান্তি আলোচনা চললেও এখনো কোনো স্থায়ী অস্ত্রবিরতিতে পৌঁছানো যায়নি। এমন প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন- রাশিয়া ও তার পণ্য আমদানিকারক দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করবে।

