চার দিন আগেই স্মরণকালের অন্যতম শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল রাশিয়া। তার রেশ কাটতে না কাটতেই আবারো ভূমিকম্প আঘাত হেনেছে কুরিল দ্বীপপুঞ্জে। রোববার দ্বীপপুঞ্জটিতে রিখটার স্কেলে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
জার্মান ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) এবং ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, এই ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে। প্রাথমিকভাবে ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৩৫ বলে উল্লেখ করা হলেও পরবর্তী পরিমাপ অনুযায়ী এর মাত্রা ছিল ৬ দশমিক ৭।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) অবশ্য ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ০ বলেছে। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র।
তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য মেলেনি।
এর আগে, গত বুধবার রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ওই কম্পনের পর রাশিয়াসহ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্তত ১৪টি দেশে জারি করা হয় সুনামি সতর্কতা। কামচাটকায় প্রায় ৪ মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা দেয়।
ইউএসজিএস বলছে, ১৯০০ সাল থেকে রেকর্ড রাখা শুরু হওয়ার পর এটি ছিল বিশ্বের ষষ্ঠ শক্তিশালী ভূমিকম্প।

