৬০০ বছর পর প্রথমবারের মতো অগ্নুৎপাত ঘটেছে রাশিয়ার কামচাটকার ক্রাশেনিনিকভ আগ্নেয়গিরিতে। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, সম্প্রতি দেশটির পূর্বাঞ্চলে সংঘটিত শক্তিশালী ভূমিকম্পের সঙ্গেও এই অগ্নুৎপাতের যোগসূত্র থাকতে পারে।
রোববার (৩ আগস্ট) এক প্রতিবেদনে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা আরআইএ এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, গত সপ্তাহের ভূমিকম্পের পর এই বিরল অগ্নুৎপাত ঘটে। এ ঘটনায় ৬ হাজার মিটার পর্যন্ত ছাইয়ের স্তম্ভ উঠে গেছে আকাশে।
কামচাটকা রেসপন্স টিমের প্রধান ওলগা গিরিনা জানান, “ক্রাশেনিনিকভ আগ্নেয়গিরিতে এটিই গত ৬০০ বছরের মধ্যে প্রথম ঐতিহাসিকভাবে নিশ্চিত হওয়া অগ্নুৎপাত।” তিনি বলেন, ১৪৬৩ সালে এই আগ্নেয়গিরিতে সর্বশেষ লাভা উদগিরণ হয়েছিল, যদিও ±৪০ বছরের ব্যবধান ধরে নেওয়া হয়।
গিরিনা আরো বলেন, “গত বুধবারের ভূমিকম্পের সঙ্গে এই অগ্নুৎপাতের সরাসরি সম্পর্ক থাকতে পারে।” ওই ভূমিকম্পের কারণে ফরাসি পলিনেশিয়া ও চিলি উপকূল পর্যন্ত সুনামি সতর্কতা জারি করা হয়েছিল।
এছাড়া কামচাটকা উপদ্বীপেরই সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি ক্লিউচেভস্কয়তেও একই সময়ে অগ্নুৎপাত শুরু হয়, যা ভূ-প্রাকৃতিক কারণে সংযুক্ত থাকতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
রাশিয়ার জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের কামচাটকা শাখা জানিয়েছে, অগ্নুৎপাতের ফলে সৃষ্টি হওয়া ছাইয়ের মেঘ পূর্বদিকে প্রশান্ত মহাসাগরের দিকে সরে গেছে, যেখানে কোনো জনবসতি নেই। তবে এ কারণে আকাশপথে চলাচলের জন্য জারি করা হয়েছে ‘অরেঞ্জ অ্যালার্ট কোড’। এ ধরনের সতর্কতা তখনই দেওয়া হয়, যখন আকাশপথে বিমান চলাচলের জন্য উচ্চ ঝুঁকি তৈরি হয়।
উল্লেখ্য, ক্রাশেনিনিকভ আগ্নেয়গিরির উচ্চতা ১,৮৫৬ মিটার।

