ভারতের রাজধানী দিল্লি থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি পর্যন্ত রাজনীতিক জোহরান মামদানির বিরুদ্ধে সংগঠিত প্রচারণা চালাচ্ছে কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমর্থকরা মামদানিকে ‘হিন্দুবিদ্বেষী’ এবং ‘মিথ্যাবাদী’ হিসেবে উপস্থাপন করছে। নিউইয়র্ক টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
যুক্তরাষ্ট্রের ভারতীয়-আমেরিকান হিন্দু সম্প্রদায়ের একটি অংশ এই প্রচারণায় যুক্ত হয়েছে। নিউইয়র্ক সিটি কাউন্সিলের সদস্য ও নিউইয়র্ক মেয়র পদের প্রাথমিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা মামদানি নানা কারণে বিতর্কিত হচ্ছেন। নির্বাচনের ঠিক দুই দিন আগে স্ট্যাচু অব লিবার্টির ওপর দিয়ে একটি ব্যানার বহনকারী বিমান ওড়ে, যাতে লেখা ছিল: “সেভ নিউইয়র্ক ফ্রম গ্লোবাল ইন্তিফাদা অ্যান্ড রিজেক্ট মামদানি।” এখানে ‘ইন্তিফাদা’ বলতে ফিলিস্তিনিদের ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলনকে বোঝানো হয়, আর ‘গ্লোবাল ইন্তিফাদা’ বলতে সেই প্রতিবাদ আন্দোলনের আন্তর্জাতিক প্রসারকেই ইঙ্গিত করা হয়।
মোদির সমালোচনায় মামদানি-
জোহরান মামদানি মুসলিম পরিচয়ের রাজনীতিক। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচক। মোদিকে তিনি প্রকাশ্যে ‘যুদ্ধাপরাধী’ বলে অভিহিত করেন এবং তাঁর নিউইয়র্ক সফরের বিরোধিতাও করেন। একই সঙ্গে মামদানি যুক্তরাষ্ট্রের এক রাজ্য অ্যাসেমব্লি সদস্যকে আহ্বান জানান যেন তিনি ভারতীয়-আমেরিকান একটি গোষ্ঠী থেকে পাওয়া নির্বাচনী অনুদান ফিরিয়ে দেন। ওই গোষ্ঠীকে মামদানি ‘হিন্দু ফ্যাসিবাদী’ হিসেবে আখ্যা দিয়েছিলেন।
মোদির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সংখ্যালঘু মুসলিমদের দমন-পীড়নের অভিযোগ রয়েছে। সেই প্রেক্ষাপটে মামদানির অবস্থান আরো আলোচিত হয়ে উঠেছে।
দিল্লি থেকে নিউইয়র্কে প্রভাব-
বিশ্লেষকদের মতে, ভারতীয় রাজনীতির প্রভাব এখন নিউইয়র্কের মতো প্রবাসী বাঙালিদের কেন্দ্রে স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। দিল্লিভিত্তিক মোদিপন্থী সংবাদমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা মামদানির বিরুদ্ধে নানা তথ্যপ্রবাহ ছড়িয়ে দিচ্ছেন। আবার যুক্তরাষ্ট্রে বসবাসরত কিছু ভারতীয়-আমেরিকান গোষ্ঠী মামদানির প্রতিদ্বন্দ্বীদের জন্য অর্থ সংগ্রহ করছে এবং পরোক্ষভাবে বিজেপির মতাদর্শকে উৎসাহ দিচ্ছে।
‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেইট’-এর পরিচালক রকিব নায়েক বলেন, “ভারতের হিন্দু জাতীয়তাবাদী শক্তি এবং যুক্তরাষ্ট্রের হিন্দু গোষ্ঠীগুলো যৌথভাবে মামদানিকে ‘হিন্দুবিরোধী’ প্রার্থী হিসেবে তুলে ধরতে সচেষ্ট।”
সাম্প্রতিক নির্বাচনী প্রচারণায় এই সংঘাতপূর্ণ ধর্মীয় বিভাজন, আন্তর্জাতিক রাজনীতির ছায়া এবং ‘ফ্যাসিবাদ’ বা ‘ইন্তিফাদা’র মতো শব্দের ব্যবহার- সব মিলিয়ে মামদানির প্রার্থীতা নিয়ে নিউইয়র্কে জোর আলোচনা তৈরি করেছে।

