দুর্বিষহ জীবনের আশায় সাগর পাড়ি দিতে গিয়ে আবারও সলিল সমাধি হলো আফ্রিকার বহু মানুষের। ইয়েমেন উপকূলে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে গিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৬৮ জন। নিখোঁজ রয়েছেন আরও ৭০ জনের বেশি। উদ্ধারকর্মীরা জানাচ্ছেন, এই সংখ্যা আরও বাড়তে পারে।
আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা এবং জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম-এর বরাতে জানা গেছে, ইথিওপিয়ার অন্তত ১৫৪ জন নাগরিককে নিয়ে যাত্রা করেছিল নৌকাটি। কিন্তু ইয়েমেনের আবিয়ান প্রদেশের উপকূলে পৌঁছানোর আগেই সেটি দুর্ঘটনায় পড়ে। এখন পর্যন্ত মাত্র ১২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
স্থানীয় প্রশাসন জানায়, খানফার জেলায় ভেসে উঠেছে ৫৪ জনের মরদেহ, আর আরও ১৪ জনের মরদেহ পাওয়া গেছে কাছাকাছি অঞ্চল থেকে। শোকস্তব্ধ উদ্ধারকর্মীরা মরদেহগুলো শনাক্ত করার চেষ্টা করছেন, আর স্থানীয় কবরস্থানে প্রস্তুত করা হচ্ছে তাদের দাফনের ব্যবস্থা।
এই রুটে এমন প্রাণঘাতী দুর্ঘটনা নতুন নয়। আফ্রিকার হর্ন অঞ্চল—বিশেষ করে ইথিওপিয়া ও সোমালিয়ার মতো যুদ্ধবিধ্বস্ত দেশগুলো থেকে বহু মানুষ ইয়েমেন হয়ে সৌদি আরব ও অন্যান্য উপসাগরীয় ধনী দেশের দিকে পাড়ি দেন। কিন্তু এই সমুদ্রপথটি ভয়াবহ ঝুঁকিপূর্ণ। অধিকাংশ সময়ই নৌকাগুলোতে যাত্রীদের গাদাগাদি করে তোলা হয়, নিরাপত্তার ন্যূনতম ব্যবস্থাও থাকে না।
জাতিসংঘের তথ্য বলছে, ২০২৪ সালের শুরু থেকে এখন পর্যন্ত ৬০ হাজারের বেশি অভিবাসী ইয়েমেনে প্রবেশ করেছে। আগের বছর এই সংখ্যা ছিল প্রায় এক লাখের কাছাকাছি। তবে যাত্রাপথে নজরদারি বাড়ায় সামান্য হ্রাস পেয়েছে স্রোতের গতি। তবুও প্রাণহানির সংখ্যা কমছে না।
আইওএম-এর হিসেবে, শুধু গত বছরেই এই পথে ৫৫৮ জন অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারিয়েছেন। গত এক দশকে নিখোঁজ হয়েছেন অন্তত ২,০৮২ জন। ডুবে মারা গেছেন ৬৯৩ জন।
বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ এই অভিবাসন রুটে প্রতিদিনই যোগ হচ্ছে নতুন শোকের গল্প। সংকটে জর্জরিত মাতৃভূমি ছেড়ে যাত্রা শুরু করা এই মানুষগুলো পৌঁছাতে পারছে না আশার ঠিকানায়। ইয়েমেনে এখনো অবস্থান করছে প্রায় ৩ লাখ ৮০ হাজার অভিবাসী ও শরণার্থী—যাদের ভবিষ্যৎ আজও অনিশ্চয়তার ঘূর্ণিপাকে বন্দি।

