মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তার বিশেষ দূত স্টিভ উইটকফ আগামী সপ্তাহে রাশিয়া সফরে যাচ্ছেন ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা এগিয়ে নিতে। সাংবাদিকদের সঙ্গে রবিবার আলাপকালে ট্রাম্প বলেন, “আমি মনে করি উইটকফ আগামী বুধবার বা বৃহস্পতিবার রাশিয়া যাবেন।”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে, রাশিয়া কী করলে আসন্ন নিষেধাজ্ঞা এড়াতে পারে—এমন প্রশ্নে ট্রাম্প সোজাসাপ্টা বলেন, “একটা চুক্তি হোক যেখানে মানুষ মারা পড়া বন্ধ হয়।”
ট্রাম্প এর আগে রাশিয়ার বিরুদ্ধে “খুব কঠোর শুল্ক” আরোপের হুমকি দিয়েছেন, যদি তারা শিগগিরই ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে না পৌঁছায়।
ট্রাম্প আরও জানিয়েছেন, সম্প্রতি রুশ সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সঙ্গে অনলাইন বাকযুদ্ধের পর তিনি দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েন করেছেন “ওই অঞ্চলেই”। তবে তিনি স্পষ্ট করেননি এটি নিউক্লিয়ার-পাওয়ার্ড, না নিউক্লিয়ার-আর্মড সাবমেরিন। সাবমেরিনগুলোর অবস্থান কোথায়, সেটিও গোপন রাখছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
ট্রাম্পের বক্তব্য আসে এমন এক সময়, যখন রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভে একটি অ্যাপার্টমেন্ট ভবনে বিমান হামলা চালিয়ে ৩১ জনকে হত্যা করেছে। ঘটনাটিকে ট্রাম্প “ঘৃণ্য” বলে অভিহিত করেন।
জুলাই মাসেই ইউক্রেনের ওপর রাশিয়া চালিয়েছে ৬,২৯৭টি দূরপাল্লার ড্রোন হামলা—যা ২০২৪ সালের তুলনায় ১৪ গুণ বেশি।
অন্যদিকে, ইউক্রেনও পাল্টা আঘাতে পিছিয়ে নেই। রবিবার কিয়েভের ড্রোন হামলায় রাশিয়ার বিভিন্ন স্থানে তিনজন নিহত হন এবং একটি বড় তেল শোধনাগারে আগুন লাগে। সোমবার সকালে ভলগোগ্রাদ অঞ্চলের একটি রেল স্টেশনে ইউক্রেনীয় ড্রোন হামলায়ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
টানা যুদ্ধ চললেও ইস্তানবুলে রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তারা গত কয়েক মাস ধরে একাধিক বৈঠক করেছেন। সর্বশেষ বৈঠকে ১,২০০ বন্দী বিনিময়ের একটি চুক্তি হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে রাশিয়ার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, স্টিভ উইটকফ একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং ট্রাম্পের গলফ খেলার সঙ্গী। তিনি ইতোমধ্যেই একাধিকবার মস্কো সফর করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন।
উইটকফ শুধু ইউক্রেন যুদ্ধেই নয়, মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূতের দায়িত্বেও আছেন। গত শনিবার তিনি তেল আবিবে ইসরায়েলি জিম্মিদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন, গাজায় হামাসের হাতে আটকদের মুক্তির আলোচনার অংশ হিসেবে।
ট্রাম্প আরও প্রতিশ্রুতি দিয়েছেন, ইউক্রেনকে মার্কিন-নির্মিত প্যাট্রিয়ট সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র দেওয়া হবে। তবে এই সরঞ্জামের অর্থায়ন করবে ইউরোপীয় মিত্ররা, ট্রাম্প প্রশাসন নয়।

