গাজার ক্ষুধার্ত ও আহত মানুষের পাশে দাঁড়াতে নতুন করে ১৩ মিলিয়ন মার্কিন ডলার (২০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার) সহায়তার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। এই অর্থ সরাসরি গাজায় খাদ্য ও চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া মানবিক সংস্থাগুলোর হাতে তুলে দেওয়া হবে।
সোমবার অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় (DFAT) এক বিবৃতিতে জানায়, গাজায় নতুন করে মানবিক করিডোর চালু হওয়ার প্রেক্ষিতে এই সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রী পেনি ওং বলেন, “আন্তর্জাতিক আদালতের (ICJ) নির্দেশ অনুযায়ী, গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিতে ইসরায়েলের ওপর যে বিশ্বব্যাপী চাপ চলছে, অস্ট্রেলিয়া শুরু থেকেই তার সক্রিয় অংশ।” তিনি আরও যোগ করেন, “গাজার মানুষের দুঃখ-কষ্ট, অভাব-অনটন আর চলতে দেওয়া যায় না। এই দুর্ভোগ থামাতেই আমাদের এই পদক্ষেপ।”
এই ঘোষণার ঠিক আগের দিন, হাজার হাজার মানুষ অস্ট্রেলিয়ার সিডনি হারবার ব্রিজ অতিক্রম করে বিক্ষোভে অংশ নেন। তাদের দাবির কেন্দ্রে ছিল—অস্ট্রেলিয়া যেন গাজার বিরুদ্ধে ইসরায়েলের ‘অনাহারের যুদ্ধ’ বন্ধে আরও জোরালো চাপ সৃষ্টি করে, এমনকি প্রয়োজন হলে নিষেধাজ্ঞাও আরোপ করে।
মানবতার এই লড়াইয়ে অংশ নেওয়ার মধ্য দিয়ে অস্ট্রেলিয়া দেখিয়ে দিল—যুদ্ধ নয়, মানুষের পাশে দাঁড়ানোটাই বড় কথা।

