সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সুয়েইদায় ফের শুরু হয়েছে সংঘর্ষ। যুদ্ধবিরতির ঘোষণার পরও থেমে থাকেনি সহিংসতা—এবার ড্রুজ বিদ্রোহীদের হামলায় নিহত হয়েছেন অন্তত একজন সরকারি সেনা, আহত আরও অনেকে।
রবিবার সিরিয়ার সরকারি টিভি চ্যানেল ‘ইখবারিয়া’ জানিয়েছে, সুয়েইদায় অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে হামলা চালিয়েছে সশস্ত্র ড্রুজ গোষ্ঠীগুলো। এছাড়া, বেশ কয়েকটি গ্রামেও মর্টার ও রকেট হামলা চালানো হয়েছে। সরকার বলছে, এই হামলা যুদ্ধবিরতি চুক্তির সরাসরি লঙ্ঘন।
সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, “সুয়েইদায় যারা সহিংসতা উসকে দিচ্ছে, তারা শুধু যুদ্ধবিরতি লঙ্ঘন করছে না—বরং ধর্মীয় উত্তেজনা ছড়াতে সচেষ্ট। আমাদের নিরাপত্তা বাহিনীর একাধিক ফ্রন্টে তারা হামলা চালিয়েছে, যার ফলে শহীদ হয়েছেন বেশ কয়েকজন সেনা সদস্য।”
ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে, সাম্প্রতিক হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন—তাদের মধ্যে তিনজন সরকারি বাহিনীর সদস্য এবং একজন স্থানীয় যোদ্ধা।
সুয়েইদায় এই সহিংসতার পেছনে রয়েছে দীর্ঘদিনের পারস্পরিক অবিশ্বাস। গত ১৩ জুলাই স্থানীয় ড্রুজ যোদ্ধা ও বেদুইন গোষ্ঠীর মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সরকার সেনা পাঠিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও, সহিংসতা আরও বাড়ে। এরই মধ্যে ইসরায়েল সিরিয়ার সেনাবাহিনীর ওপর বিমান হামলা চালায়, যার ব্যাখ্যায় তারা জানায়, ড্রুজ জনগোষ্ঠীকে রক্ষা করতেই এ পদক্ষেপ।
টানা এক সপ্তাহের সংঘর্ষের পর অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল-সিরিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। সেই সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারাআ সুয়েইদায় যুদ্ধবিরতি ঘোষণা করেন। তবে বাস্তবে সেই চুক্তির বাস্তবায়ন কতটা কার্যকর হবে—তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
ইতোমধ্যেই সুয়েইদার সহিংসতায় শতাধিক বেদুইন পরিবার ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে প্রতিবেশী দেরা প্রদেশে।
সুয়েইদা প্রদেশের মতোই পূর্বাঞ্চলীয় দিয়ের আজ জোর এলাকায় আবারও সক্রিয় হয়ে উঠছে আইএস। সম্প্রতি সেখানকার একটি চেকপোস্টে হামলা চালিয়ে পাঁচজন এসডিএফ যোদ্ধাকে হত্যা করেছে আইএস।
এদিকে, উত্তরাঞ্চলের মানবিজ শহরের উপকণ্ঠে এসডিএফ বাহিনীর আরেকটি হামলায় আহত হয়েছেন চারজন সরকারি সেনা ও তিনজন বেসামরিক নাগরিক। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলাকে “দায়িত্বজ্ঞানহীন ও উদ্দেশ্যহীন” বলে মন্তব্য করেছে।
সুয়েইদার নতুন করে জ্বলে ওঠা এই সংঘর্ষ শুধু সিরিয়ার ভেতরের দ্বন্দ্বই নয়, বরং এটি আন্তর্জাতিক জটিলতারও ইঙ্গিত বহন করে। ড্রুজ ও বেদুইন গোষ্ঠীর মধ্যে বহুদিনের জমি ও সম্পদ নিয়ে বিরোধ, এর সঙ্গে যোগ হয়েছে ধর্মীয় বিভাজন ও বিদেশি হস্তক্ষেপ—সব মিলিয়ে সিরিয়ার এই প্রদেশ এখন রীতিমতো বারুদের স্তূপ। যুদ্ধবিরতি থাক বা না থাক, বাস্তবে শান্তি যে এখনো বহু দূরের স্বপ্ন—তা আবারও প্রমাণিত হলো।

