ভারতের রাজধানী দিল্লি পুলিশের একটি চিঠিতে বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে উল্লেখ করায় তীব্র প্রতিক্রিয়া জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার (৪ আগস্ট) তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এমন মন্তব্য শুধু অপমানজনকই নয়, বরং এটি দেশের সংবিধান ও ঐক্যের বিরুদ্ধেও একটি আঘাত।
বিতর্কের সূত্রপাত একটি চিঠিকে ঘিরে, যা দিল্লির বঙ্গভবনের অফিসার ইনচার্জের কাছে পাঠানো হয়। পুলিশের দাবি, এটি ‘ফরেনার্স অ্যাক্ট’-এর অধীনে একটি মামলার তদন্তসংক্রান্ত। তবে চিঠিতে বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে বর্ণনা করায় চরম আপত্তি তুলেছেন মমতা।
মমতা বলেন, “এই চিঠির ভাষা শুনে আমি স্তব্ধ! দিল্লি পুলিশের মতো একটি সরকারি সংস্থা—যা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন—তারা কীভাবে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করতে পারে? এটা কেবল আমাদের ভাষাকে অপমান নয়, বরং গোটা বাঙালি জাতিকে হেয় করার চেষ্টা।”
তিনি আরও স্মরণ করিয়ে দেন, “বাংলা ভাষা আমার মাতৃভাষা, এটাই রবীন্দ্রনাথ, নজরুল ও বিবেকানন্দের ভাষা। আমাদের জাতীয় সংগীত ‘জন গণ মন’ এবং জাতীয় গান ‘বন্দে মাতরম’ দুটোই বাংলা ভাষায় রচিত। এই ভাষায় কোটি কোটি ভারতীয় কথা বলেন। সেই ভাষাকে ‘বাংলাদেশি’ বলে চালিয়ে দেওয়া মানে ইতিহাস, সংস্কৃতি ও সংবিধানকেই অস্বীকার করা।”
ঘটনার জেরে মমতা কেন্দ্রীয় সরকারের দিকেও আঙুল তুলেছেন। তিনি বলেন, “এই ভাষাগত অপমান কোনওভাবে সহ্য করা হবে না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”
এদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে ক্ষোভ প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, দিল্লির একটি মামলায় আটজন সন্দেহভাজন বাংলাদেশিকে গ্রেফতারের পর পুলিশ বঙ্গভবনে একটি চিঠি পাঠিয়ে ‘বাংলাদেশি ভাষার’ অনুবাদক চেয়েছে। এ ঘটনাকে দলটি ‘চরম অবজ্ঞা ও অজ্ঞতার প্রতিফলন’ হিসেবে বর্ণনা করেছে।
এই চিঠির বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অনেকে প্রশ্ন তুলেছেন, ভারতের ২২টি সরকারি ভাষার মধ্যে একটি স্বীকৃত ভাষাকে কীভাবে এমন ভুলভাবে উপস্থাপন করা হলো?
ঘটনার গভীরে যেতে হলে এখন অপেক্ষা কেন্দ্রীয় সরকারের অবস্থান জানার। তবে একথা নিশ্চিত, ‘বাংলা’ নিয়ে এমন অবজ্ঞাপূর্ণ মন্তব্য বাঙালিদের মন থেকে সহজে মুছে যাবে না।

