ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফিলিস্তিনের গাজা উপত্যকা সম্পূর্ণ পুনর্দখলের প্রস্তাব নিরাপত্তা ক্যাবিনেটে তুলতে যাচ্ছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। স্থানীয় সাংবাদিকদের উদ্ধৃত করে এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা জানিয়েছেন, পরিকল্পনাটি ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে- গাজা পুরোপুরি দখল করা হবে এবং হামাসকে পরাজিত করা হবে।
তবে ইসরায়েলের সেনাপ্রধানসহ বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা এই পরিকল্পনার বিরোধিতা করছেন বলে খবর পাওয়া গেছে। এ প্রসঙ্গে ওই কর্মকর্তা মন্তব্য করেন, সেনাপ্রধান যদি এ পরিকল্পনায় আপত্তি করেন, তাহলে তার পদত্যাগ করা উচিত।
প্রস্তাবটি ঘিরে গাজায় আটক বন্দিদের পরিবারের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, মোট ৫০ জন বন্দির মধ্যে ২০ জন জীবিত আছেন। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, প্রতি চারজন ইসরায়েলির মধ্যে তিনজনই যুদ্ধবিরতি চুক্তির পক্ষে, যাতে বন্দিদের মুক্তি সম্ভব হয়।
বিবিসি জানিয়েছে, ইসরায়েলের ঘনিষ্ঠ বহু মিত্ররাষ্ট্র গাজা দখলের পদক্ষেপের বিরোধিতা করতে পারে, কারণ তারা দীর্ঘদিন ধরে যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা বৃদ্ধির আহ্বান জানিয়ে আসছে।
দেশের ভেতরেও বিরোধিতা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো এক যৌথ চিঠিতে শতাধিক সাবেক নিরাপত্তা কর্মকর্তা, যার মধ্যে সাবেক গোয়েন্দা প্রধানরাও আছেন, যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের সাবেক প্রধান আমি আয়ালন বলেন, সামরিকভাবে হামাস দুর্বল হলেও এর আদর্শ ফিলিস্তিনি ও মুসলিম বিশ্বে আরো শক্তিশালী হচ্ছে। হামাসের আদর্শ পরাজিত করতে হলে উন্নত ভবিষ্যতের দৃষ্টান্ত স্থাপন জরুরি।
এ প্রস্তাব এমন সময়ে আসছে যখন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় সংক্রান্ত পরোক্ষ আলোচনা ভেঙে গেছে। এদিকে হামাস তিনটি ভিডিও প্রকাশ করেছে, যাতে দুই ইসরায়েলি বন্দিকে দুর্বল ও কৃশকায় অবস্থায় দেখা যায়। তাদের একজনকে টানেলের ভেতর নিজের কবর খুঁড়তেও দেখা গেছে।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা ইতোমধ্যেই গাজার ৭৫ শতাংশ এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। নতুন পরিকল্পনা অনুযায়ী, বাকি অংশও দখল করার লক্ষ্য রয়েছে। গাজায় বর্তমানে ২০ লাখেরও বেশি ফিলিস্তিনি বাস করছেন, যাদের মধ্যে ৯০ শতাংশই বাস্তুচ্যুত এবং মানবিক সংকটে ভুগছেন।
জাতিসংঘ ও ত্রাণ সংস্থাগুলো অভিযোগ করেছে, ইসরায়েল গাজায় ত্রাণ সরবরাহে বাধা দিচ্ছে, যা মানবিক পরিস্থিতি আরো অবনতির দিকে ঠেলে দিচ্ছে।

