সৌদি আরব মাত্র তিন দিনে ১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে, যা চলতি বছরে রেকর্ডসংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর হিসেবে চিহ্নিত হয়েছে। সোমবার আরো দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরের মধ্য দিয়ে এই সংখ্যা দাঁড়ায় ১৭-তে। তথ্যটি নিশ্চিত করেছে সৌদি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সি।
সংবাদমাধ্যমটি জানায়, সোমবার মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই ব্যক্তি ‘সন্ত্রাসী কার্যক্রমে’ জড়িত ছিলেন। এর আগে শনিবার সাতজন এবং রোববার আটজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এদের অধিকাংশই বিদেশি নাগরিক এবং মাদকসংক্রান্ত অপরাধে দোষী সাব্যস্ত ছিলেন।
২০২২ সালের মার্চের পর এত স্বল্প সময়ে এত বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনা এটাই প্রথম।
বিশ্বের অন্যতম মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ সৌদি আরবে চলতি বছরে এখন পর্যন্ত ২৩৯টি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, যা মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ বাড়িয়েছে।

