রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথিত কন্যা এলিজাভেটা ক্রিভোনোগিখের একটি ব্যক্তিগত পোস্ট নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। টেলিগ্রাম চ্যানেলে দেওয়া ওই পোস্টে তিনি একজন অজ্ঞাত ব্যক্তির কথা উল্লেখ করে লিখেছেন, ওই ব্যক্তি তার জীবন ধ্বংস করেছেন এবং কোটি মানুষের জীবন কেড়ে নিয়েছেন। যদিও তিনি নাম উল্লেখ করেননি, আন্তর্জাতিক গণমাধ্যমের ধারণা, এই মন্তব্য পুতিনকে ইঙ্গিত করেই করা হয়েছে।
জার্মান সংবাদপত্র বিল্ড জানিয়েছে, ২২ বছর বয়সী এলিজাভেটার টেলিগ্রামে একাধিক পোস্টে নিজের ছবি দিয়ে তিনি লিখেছেন, “আবারো সবার সামনে মুখ দেখাতে পারা মুক্তির মতো অনুভব হচ্ছে। এটি আমাকে মনে করিয়ে দেয়—আমি কে এবং কে আমার জীবন ধ্বংস করেছে।”
একসময় ব্যক্তিগত জেট ও অভিজাত নাইটক্লাব নিয়ে নিয়মিত পোস্ট করলেও ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন উত্তেজনা বাড়ার পর তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অদৃশ্য হয়ে যায়।
ধারণা করা হয়, পুতিন ও তার সাবেক পরিচারিকা সভেতলানা ক্রিভোনোগিখের সন্তান এলিজাভেটা। ২০০৩ সালে সেন্ট পিটার্সবার্গে জন্ম নেওয়া এলিজাভেটা ২০২০ সালে আলোচনায় আসেন, যখন স্বাধীন সংবাদমাধ্যম প্রোইক্ট দাবি করে তারা পুতিনের কথিত ‘গোপন কন্যা’কে শনাক্ত করেছে।
প্রতিবেদনে বলা হয়, সাধারণ জীবনযাপনকারী সভেতলানা পুতিনের সঙ্গে সম্পর্কের পর বিপুল সম্পদের মালিক হন। ২০২০ সালে তার সম্পদের পরিমাণ ধরা হয়েছিল প্রায় ১০ কোটি ডলার (প্রায় ১ হাজার ২২০ কোটি টাকা)। প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, সভেতলানার মেয়ের সঙ্গে পুতিনের চেহারাগত মিল রয়েছে। পরে ওই মেয়েকে লুইজা রোজোভা হিসেবে চিহ্নিত করা হয়, যিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে আড়ালে আছেন।
এ বছরের শুরুর দিকে রুশ শিল্পী নাস্ত্য রোডিওনোভা দাবি করেন, এলিজাভেটা বর্তমানে প্যারিসের দুটি আর্ট গ্যালারিতে ব্যবস্থাপক হিসেবে কাজ করছেন, যা যুদ্ধবিরোধী শিল্প প্রদর্শনের জন্য পরিচিত। নিউইয়র্ক পোস্ট জানায়, তিনি রুদনোভা ছদ্মনাম ব্যবহার করতেন, যা পুতিনের ঘনিষ্ঠ বন্ধু ওলেগ রুদনভের নামের সঙ্গে মিলে যায়।
২০২১ সালের এক অডিও সাক্ষাৎকারে রোজোভা পুতিনের সঙ্গে তার সাদৃশ্য নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করে বলেন, অনেক মানুষেরই চেহারাগত বৈশিষ্ট্য এক রকম হয়। সে সময় তিনি সংবাদ এড়িয়ে চলা, ফ্যাশন এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো নিয়েই ব্যস্ত থাকার কথা জানান।
ক্রেমলিন অবশ্য এসব দাবিকে সব সময়ই ভিত্তিহীন এবং অবিশ্বাস্য বলে উড়িয়ে দিয়েছে।

