Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » রাশিয়ার তেলের জ্বালায় পুড়ছে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক
    আন্তর্জাতিক

    রাশিয়ার তেলের জ্বালায় পুড়ছে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক

    হাসিব উজ জামানআগস্ট 6, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ভারত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এক নতুন নিম্নপর্যায়ে পৌঁছেছে। অনেকেই ভেবেছিলেন, ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে ফিরে আসা ভারত-আমেরিকার সম্পর্ক আরও জোরদার করবে। কারণ, মোদি-ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক ছিল বরাবরই উষ্ণ। দুই নেতা একে অপরকে ‘বন্ধু’ বলে পরিচিত করেছেন, একসঙ্গে জনসভা করেছেন, এমনকি ট্রাম্পের হোয়াইট হাউজে প্রথম সফরকারীদের একজন ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    কিন্তু বাস্তবতা হলো—ছয় মাস যেতে না যেতেই সেই সম্পর্কের ওপর গভীর মেঘ জমেছে। ট্রাম্প ভারতের রপ্তানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন, রাশিয়া থেকে তেল কেনার কারণে প্রায় প্রতিদিনই নতুন শাস্তির হুমকি দিচ্ছেন। ফলে দুই দেশের মধ্যে বাণিজ্যচুক্তির আলোচনা স্থবির হয়ে পড়েছে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক এখন অনেকটাই অনিশ্চিত।

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের ইস্ট রুমে এক সংবাদ সম্মেলনের সময় করমর্দন করছেন।

    বাণিজ্য ইস্যু বরাবরই ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কে একটি জটিল ক্ষেত্র। যুক্তরাষ্ট্র চায় ভারত তার বাজার আরও খুলে দিক, বিশেষ করে প্রযুক্তি, ওষুধ ও কৃষিপণ্যের ক্ষেত্রে। কিন্তু ভারত বলছে, এতে তাদের ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং কৃষিখাত হুমকির মুখে পড়বে।

    ট্রাম্পের প্রথম মেয়াদেও চুক্তির চেষ্টা হয়েছিল। কিন্তু ই-কমার্স নিয়ন্ত্রণ, ডেটা প্রবাহ, মেডিক্যাল ডিভাইসের দামনিয়ন্ত্রণ ইত্যাদি ইস্যুতে অগ্রগতি থেমে গেছে। কিছু শুল্ক হ্রাসের চেষ্টা হলেও তা পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছায়নি।

    এখন, আগস্ট ১-এর সময়সীমা পেরিয়ে যাওয়ার পর, ট্রাম্প ২৫ শতাংশ শুল্ক বসিয়েছেন ভারতের রপ্তানির ওপর, এবং হুমকি দিয়েছেন আরও শাস্তির—বিশেষ করে ভারতের রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনা নিয়ে।

    রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছাড়বে না ভারত

    রাশিয়ার সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের অস্বস্তি দীর্ঘদিনের। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ থামাতে ট্রাম্প জোর দিয়ে রাশিয়াকে চাপে ফেলতে চাইছেন। আর ভারতের সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠতা তাঁকে রীতিমতো ক্ষিপ্ত করেছে।

    ২০২৪ সালে পুতিন মোদিকে রাশিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘অর্ডার অব সেন্ট অ্যান্ড্রু’ দিয়েছেন। ভারতের কাছ থেকে রাশিয়া অস্ত্র এবং বিপুল পরিমাণ তেলের অর্ডার পাচ্ছে। এর ফলে, মার্কিন প্রশাসনের মতে, রাশিয়ার যুদ্ধ চালিয়ে যাওয়ার আর্থিক সক্ষমতা তৈরি হচ্ছে।

    ট্রাম্প নিজেই বলেছেন, “ভারত রাশিয়ার কাছ থেকে শুধু তেল কিনছেই না, বরং সেই তেল আবার বেশি দামে বিক্রিও করছে।” হোয়াইট হাউসের উপদেষ্টা স্টিফেন মিলারও বলেছেন, “চীন-ভারতের মধ্যে কে বেশি রাশিয়ান তেল কিনছে তা নিয়ে এখন টেক্কা চলছে।”

    কাশ্মীর সংঘর্ষ ও ট্রাম্পের মধ্যস্থতা দাবি

    এপ্রিল ২২-এ কাশ্মীরে জঙ্গি হামলায় ২৬ জন বেসামরিক নিহত হওয়ার পর, ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে। দুই দেশ মিসাইল ও ড্রোন হামলা চালাতে থাকে।

    মে মাসে ট্রাম্প দাবি করেন, তিনিই যুদ্ধ থামিয়েছেন। বলেছিলেন, “চল বন্ধুরা, পারমাণবিক যুদ্ধ না করে, ব্যবসা করি।” ট্রাম্পের মতে, বাণিজ্যের ‘লালচ’ দেখিয়ে তিনি দুই পক্ষকে যুদ্ধ থেকে ফিরিয়ে এনেছেন।

    ভারত অবশ্য তা মানতে রাজি নয়। মোদির সরকার জানিয়েছে, ট্রাম্পের সঙ্গে তাদের কোনো আলোচনা হয়নি, যুদ্ধবিরতিও এসেছে দুই দেশের নিজস্ব আলোচনার মাধ্যমে।

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০২৪ সালের ৯ জুলাই রাশিয়ার মস্কোতে ক্রেমলিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে “অর্ডার অব সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টল দ্য ফার্স্ট-কল্ড” সম্মাননা প্রদান করেন।

    পাকিস্তানকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন আগ্রহ

    যুদ্ধবিরতির পর ট্রাম্প হোয়াইট হাউসে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনীরকে আমন্ত্রণ জানান, যা নজিরবিহীন ঘটনা। এরপর ট্রাম্প পাকিস্তানকে ‘অসাধারণ বন্ধু’ বলে প্রশংসা করেন এবং বলেছিলেন, “আমি যুদ্ধ থামিয়েছি”।

    এমনকি পাকিস্তান ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেয়। আবার তিনি বলেছেন, পাকিস্তানের সঙ্গে তিনি তেল উত্তোলন নিয়ে কাজ করছেন, আর হয়তো একদিন সেই তেল ভারতও কিনবে।

    এই পটভূমিতে ভারত যখন শুল্কের শাস্তি পাচ্ছে, পাকিস্তান পাচ্ছে ১৯ শতাংশ হ্রাসকৃত কর, যেটাকে ইসলামাবাদ বলছে “সুষম ও ভবিষ্যতমুখী পদক্ষেপ”।

    ২০১৯ সালের ২৮ জুন জাপানের ওসাকায় অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে এক বৈঠকে মিলিত হন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

    মোদির ফেব্রুয়ারির যুক্তরাষ্ট্র সফরের ঠিক আগে, শৃঙ্খলবন্দি ভারতীয় অভিবাসীদের বিমানে তুলে দেশে ফেরত পাঠানো হয়। এই দৃশ্য ভারতে ক্ষোভের জন্ম দেয়।

    ট্রাম্প অভিবাসন ও এইচ-১বি ভিসা নিয়ে কড়াকড়ি শুরু করেছেন। এই ভিসাধারীদের ৭২ শতাংশই ভারতীয়। আর এর ওপরেই ভর করে ভারতের লক্ষ লক্ষ তরুণ যুক্তরাষ্ট্রে প্রযুক্তি খাতে কাজ করেন।

    সম্প্রতি এক এআই সামিটে ট্রাম্প বলেছেন, “ভারতে কাজ দেয়া বন্ধ হোক। আমেরিকান চাকরি আমেরিকানদের জন্য।” গুগল, অ্যাপল, মাইক্রোসফটকে ইঙ্গিত করে তিনি বলেন, ভারত ও চীনের ওপর নির্ভরশীলতা শেষ করতে হবে।

    রাশিয়া থেকে তেল কেনার জন্য যুক্তরাষ্ট্র যে ভাবে ভারতের ওপর চাপ দিচ্ছে, তা ভারত একেবারে প্রত্যাখ্যান করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিমা দেশগুলোর ‘দ্বিমুখী নীতি’ বরদাস্ত করা হবে না। ইউরোপ তো ২০২৪ সালে ভারতের চেয়ে বেশি রাশিয়ার সঙ্গে বাণিজ্য করেছে।

    ভারত বলছে, এই তেল কেনার মাধ্যমে বৈশ্বিক বাজারে দাম স্থিতিশীল রাখতে সাহায্য করেছে তারা। এখন আমেরিকার চাপের মুখে তারা তাদের জাতীয় স্বার্থ জলাঞ্জলি দেবে না।

    ট্রাম্পের চাপের পরিণতি কী?

    বিশ্লেষকরা বলছেন, ভারতের ঐতিহাসিক ‘স্ট্র্যাটেজিক অটোনমি’ বা কৌশলগত স্বাধীনতা এত সহজে ছাড়বে না। ভারত এখন বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ, তার নিজস্ব কূটনৈতিক পথ আছে। আর এই পথেই তারা রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র—দু’দিকেই ভারসাম্য রক্ষা করতে চায়।

    উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের প্রধান মাইকেল কুগেলম্যান বলছেন, “ট্রাম্প এই ভারসাম্য ভাঙতে চাইছেন, কিন্তু ভারত এতে পিছিয়ে আসবে না। বরং আরও জোর দিয়ে নিজেদের অবস্থান ধরে রাখবে।”

    প্রমাণও মিলছে—ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল মস্কো গেছেন, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও শিগগিরই যাবেন। এমনকি পুতিনও ভারত সফরে আসছেন ২০২৫-এর শেষ দিকে।

    বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক এখন গত দুই দশকের মধ্যে সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছেছে। কৌশলগত সম্পর্ক থাকা সত্ত্বেও, দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক দ্বন্দ্ব চরমে উঠেছে।

    ভারতের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—নিজের কৌশলগত স্বাধীনতা বজায় রাখা। ট্রাম্প যতই চাপ দিন না কেন, ভারত হয়তো আশা করবে এই ঝড় কেটে যাবে। আর হয়তো রাশিয়ার যুদ্ধ থামানোয় ভারত নিজেই সক্রিয় ভূমিকা নেবে—শুধু ট্রাম্পকে শান্ত রাখার জন্যই।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    মাত্র ৬ শতাংশ সুদে সৌরবিদ্যুতের ঋণ দেবে পিকেএসএফ

    নভেম্বর 21, 2026
    কর্পোরেট

    চট্টগ্রামে করপোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য ব্র্যাক ব্যাংকের ট্রেজারি সামিট

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.