গাজা দখলের সম্ভাব্য ইসরায়েলি পরিকল্পনা ও সেখানে সামরিক অভিযান সম্প্রসারণ নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার (৫ আগস্ট) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে বিষয়টি উত্থাপন করেন সংস্থার সহকারী মহাসচিব মিরোস্লাভ জেনকা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
জেনকা বলেন, যদি ইসরায়েলের পরিকল্পনা সত্য হয়, তবে তা ভয়াবহ পরিণতি ডেকে আনবে এবং গাজায় এখনো আটক থাকা জিম্মিদের জীবন আরও বিপন্ন করবে। তিনি সতর্ক করেন, এমন পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হতে পারে এবং গাজাকে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের অংশ হিসেবেই দেখতে হবে।
এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় দীর্ঘমেয়াদি যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় নতুন কৌশল নির্ধারণে জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, এ বৈঠকে নেতানিয়াহু পুরো গাজা দখলের পক্ষে অবস্থান নিয়েছেন।
জাতিসংঘে চীনের উপ-স্থায়ী প্রতিনিধি গেং শুয়াংও এ পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি ইসরায়েলের প্রতি আহ্বান জানান যেন সম্ভাব্য সব বিপজ্জনক পদক্ষেপ থেকে বিরত থাকে এবং গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে প্রভাবশালী রাষ্ট্রগুলোকে এগিয়ে আসতে অনুরোধ জানান।
অন্যদিকে, জাতিসংঘের বৈঠকের আগে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার অভিযোগ করেন, যারা ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির জন্য আন্তর্জাতিক চাপ দিচ্ছে, তারাই মূলত যুদ্ধ দীর্ঘায়িত করছে এবং জিম্মিমুক্তির সম্ভাব্য সমঝোতাকে বাধাগ্রস্ত করছে।
উল্লেখ্য, শিল্পোন্নত সাত দেশের জোট জি৭-এর সদস্য ফ্রান্স, কানাডা ও ব্রিটেন আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা জানিয়েছে।

