চলতি বছরের প্রথম ছয় মাসে পাকিস্তান ছেড়েছেন প্রায় তিন লাখ পঁচিশ হাজার নাগরিক। ক্রমবর্ধমান বেকারত্ব, অর্থনৈতিক অস্থিরতা এবং স্বল্প বেতনের কারণে দেশত্যাগের প্রবণতা দ্রুত বাড়ছে।
জিয়ো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দেশ ছাড়ার তালিকায় উচ্চ শিক্ষিতদের পাশাপাশি তথ্য-প্রযুক্তি খাতের কর্মীর সংখ্যা বেশি। এছাড়া উল্লেখযোগ্য হারে ডাক্তার ও নার্স দেশত্যাগ করছেন, যা পাকিস্তানের স্বাস্থ্যখাতের জন্য বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
গালফ নিউজ জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে বিপুলসংখ্যক পাকিস্তানি নার্স উন্নত বেতন, নিরাপদ কর্মপরিবেশ এবং পেশাগত উন্নতির সুযোগের সন্ধানে বিদেশে যাচ্ছেন। ফলে আগে থেকেই ভঙ্গুর দেশটির স্বাস্থ্যসেবা ব্যবস্থা আরও দুর্বল হয়ে পড়ছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ডাক্তার এবং প্রযুক্তি খাতের বিশেষজ্ঞদের মতো নার্সরাও উপসাগরীয় দেশ, ব্রিটেন ও কানাডার মতো উন্নত দেশগুলোতে আকর্ষণীয় সুযোগের কারণে অভিবাসন বেছে নিচ্ছেন। এর ফলে পাকিস্তান থেকে দক্ষ জনশক্তি হ্রাস পাচ্ছে এবং দেশের গুরুত্বপূর্ণ সেবা খাতে সংকট গভীরতর হচ্ছে।

