ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় মানবিক সহায়তা দিচ্ছে বাংলাদেশি সেবা সংস্থা হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। সরকার-নিবন্ধিত এই সংস্থা গাজার চারটি সরকারি হাসপাতালে চিকিৎসা, খাদ্য ও পানি সরবরাহ করছে।
গত ১ আগস্ট থেকে সংস্থাটি সেবা কার্যক্রম শুরু করে। এর আগে ৩১ জুলাই ফিলিস্তিন সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় সিল ও স্বাক্ষরসহ একটি অফিসিয়াল অনুমতিপত্র দিয়ে এই কার্যক্রমের অনুমোদন দেয়।
সহায়তাপ্রাপ্ত হাসপাতালগুলো হলো— পশ্চিম গাজার শারে আল-ওয়াহদাহের মুজাম্মাউশ শিফা আত-তিব্বি, উত্তর গাজার আন-নসরের রানতিসি বিশেষায়িত শিশু হাসপাতাল, মধ্য গাজার ডেয়ার আল-বালাহের আল-আকসা হাসপাতাল এবং দক্ষিণ গাজার খান ইউনুসের ইউরোপিয়ান গাজা হাসপাতাল।
সংস্থার কর্মীরা আশ্রয় শিবির থেকে শুরু করে ধ্বংসপ্রাপ্ত হাসপাতালের বারান্দা পর্যন্ত পৌঁছে দিচ্ছেন খাদ্য, ওষুধ, পানি ও চিকিৎসা সহায়তা। রাফাহ সীমান্ত দিয়ে মিশরে প্রবেশ করা তিন শতাধিক শিশুর জন্য একটি স্কুলও চালু করেছে সংস্থাটি। স্থানীয়রা ‘বাংলাদেশ’ শব্দটিকে কৃতজ্ঞতা ও আশার প্রতীক হিসেবে উচ্চারণ করছেন।
হাফেজ্জী চ্যারিটেবলের সহ-সভাপতি মাওলানা মুহসিন বিন মুঈন জানান, সংস্থার প্রতিনিধিরা বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের আওতায় মিশরে গিয়ে দায়িত্বপ্রাপ্ত ফিলিস্তিনি কর্মীদের হাতে নগদ অর্থ তুলে দেন। এই অর্থ ব্যাংক অব ফিলিস্তিনের মাধ্যমে গাজায় পৌঁছায়। প্রতিনিধিরা যেতে না পারলে, আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বিশ্বস্ত ছাত্রদের মাধ্যমে অর্থ পৌঁছে দেওয়া হয়।
সংস্থার সাধারণ সম্পাদক মাওলানা ইবরাহিম মিয়া বলেন, “মানবতার পক্ষে দাঁড়ানো কোনো অপরাধ নয়। আমরা সেই নিষ্পাপ শিশুদের পাশে দাঁড়িয়েছি, যাদের শৈশব ধ্বংসস্তূপে হারিয়ে গেছে। ইতিহাস প্রমাণ করবে- মানবিকতার পক্ষে সাহসিকতাই শ্রেষ্ঠ।”

