জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) প্রতিযোগিতায় এগিয়ে থাকতে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ সম্প্রতি বড় ধরনের নিয়োগ প্রচেষ্টা চালান। এর অংশ হিসেবে তিনি ওপেনএআইয়ের সাবেক প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) মিরা মুরাতিকে ১ বিলিয়ন ডলারের চাকরির প্রস্তাব দেন। তবুও এই বিশাল অঙ্কের প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেন।
গত বছর ওপেনএআই থেকে পদত্যাগের পর মিরা ২০২৫ সালের ফেব্রুয়ারিতে সান ফ্রান্সিসকোভিত্তিক থিংকিং মেশিনস ল্যাব প্রতিষ্ঠা করেন। মেটা চেয়েছিল মিরা ও তাঁর দলের শীর্ষ গবেষকদের দলে নিতে, বিশেষ করে সহপ্রতিষ্ঠাতা অ্যান্ড্রু টুলককে। এজন্য স্টার্টআপের ৫০ জন কর্মীর মধ্যে অন্তত ১২ জনকে প্রলুব্ধ করার চেষ্টা করা হয়, তবে কেউই রাজি হননি।
মিরা ও তাঁর দল বিশ্বাস করেন, তাঁদের গবেষণা মেটায় গেলে তা মূলত বিজ্ঞাপনভিত্তিক পণ্য উন্নয়নে ব্যবহৃত হবে, যা তাঁদের লক্ষ্য থেকে সরে যাওয়ার শামিল। থিংকিং মেশিনস ল্যাবের লক্ষ্য হলো আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স (এজিআই) তৈরি, যা সমাজের জটিল সমস্যা- যেমন রোগ, জলবায়ু পরিবর্তন ও বৈষম্য- সমাধানে সহায়ক হবে।
মিরা করপোরেট কাঠামোর বাইরে থেকে কাজের স্বাধীনতাকে অগ্রাধিকার দেন। তাঁর প্রতিষ্ঠানে গবেষকদের সমান মর্যাদা দিয়ে “মেম্বার অব টেকনিক্যাল স্টাফ” হিসেবে তালিকাভুক্ত করা হয়, যা অহংমুক্ত ও সহযোগিতামূলক সংস্কৃতি নিশ্চিত করে। তাঁর বিনয়ী আচরণ ও নেতৃত্ব সহকর্মীদের কাছে আর্থিক প্রস্তাবের চেয়ে বেশি প্রভাব ফেলেছে।
সান ফ্রান্সিসকোভিত্তিক এই স্টার্টআপ এখনো কোনো পণ্য বাজারে আনেনি, কিন্তু এর সম্ভাবনা ও উদ্দেশ্য প্রযুক্তি জগতে আলোচনায় রয়েছে। ইতিমধ্যেই এনভিডিয়া, এএমডি, সিসকো, সার্ভিস নাও এবং আলবেনিয়ার সরকারসহ বড় প্রতিষ্ঠানের সমর্থন পেয়েছে কোম্পানিটি। স্টার্টআপটির বর্তমান মূল্যায়ন ১২ বিলিয়ন ডলার।

