বাংলাদেশ সংলগ্ন ভারতের আসাম রাজ্যের কাছাড় জেলায় এক প্রতিবন্ধী কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে। নিহতের নাম নির্মল নমশূদ্র (৪৫), যিনি শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় বিএসএফের চার সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ঘটনাটি ঘটে ১ আগস্ট রাতে। অভিযোগ অনুসারে, ওই রাতে বিএসএফ সদস্যরা নির্মলকে বাড়ি থেকে তুলে নিয়ে বেধড়ক মারধর করেন। পরদিন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে নির্মল পরিবারের সদস্যদের জানান, গরম লাগায় বাইরে হাওয়া খেতে যাচ্ছেন। এরপর আর ফেরেননি। কিছুক্ষণের মধ্যে স্থানীয়রা দেখতে পান, বিএসএফ সদস্যরা তাঁকে জোরপূর্বক গাড়িতে তুলে নিচ্ছেন। প্রতিবাদ করলে গ্রামবাসীদের বন্দুক দেখিয়ে ভয় দেখানো হয়।
নির্মলের বোন অভিযোগ করেন, “আমরা বাধা দিলে গালিগালাজ ও বন্দুক তাক করে ভয় দেখানো হয়। পরে জানতে পারি, হাসপাতালে ভর্তি করা হয়েছে, কিন্তু তার আগেই মারা গেছে।”
এফআইআরে উল্লেখ করা হয়েছে, বিএসএফ বিনা উসকানিতে নির্মলকে মারধর করে এবং স্থানীয়দের হুমকি দেয়। নিহতের পরিবার স্বাধীন তদন্ত দাবি করেছে।
তবে বিএসএফ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, নির্মলকে নেশাগ্রস্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে তাঁরা হাসপাতালে নেন এবং নিজেরাও অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছেন।
নির্মলের মৃত্যুর পর কটিগরহ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রোববার থেকেই স্থানীয়রা বিক্ষোভে নামেন এবং অভিযোগ করেন, রাতে টহলের সময় বিএসএফ প্রায়ই গরিব কৃষক ও শ্রমজীবীদের হয়রানি করে।
এক প্রতিবেশী বলেন, “রাত নামলেই আমরা আতঙ্কে থাকি। সাধারণ মানুষকে অপরাধী বানিয়ে তুলে নেওয়া, হেনস্তা—এখন নিত্যদিনের ঘটনা।”
কাছাড় জেলা প্রশাসন এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় উত্তেজনা নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

